
নিজস্ব প্রতিবেদক
মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের পরিচালিত সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। অন্য দিকে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথিও জব্দের আদেশ দেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুদকের পৃথক আবেদনের পরিপ্রেেিত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো: শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম গণমাধ্যমকে বলেন, ‘দুদকের দু’জন কর্মকর্তা পৃথকভাবে বুধবার এই আবেদন করেন। আজ (বৃহস্পতিবার) আদেশ দিয়েছেন আদালত।’
বুধবার দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আবেদন করেন। এতে বলা হয়েছে, ফাউন্ডেশনটি ২০১৫-১৬ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত ৯৯ লাখ ৪ হাজার টাকা কর জমা না দিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কর জমা সংক্রান্ত রেকর্ডপত্র তৈরি করে অডিট প্রতিবেদনে আয়কর খরচ দেখিয়ে আত্মসাৎ করেছে।
এ ছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে ১৪টি ব্যাংক হিসাবে ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা জমা ও ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনসহ অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সূচনা ফাউন্ডেশনের শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র ও তথ্যাদি জব্দ করা প্রয়োজন।
অন্য দিকে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক খায়রুল হাসান। আবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইনে দুদক মামলা করেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করার জন্য তার আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা আবশ্যক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








