কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, পাকুন্দিয়া বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, আওয়ামী লীগ, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ, নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড, , কিশোরগঞ্জ-২ আসন, সংসদ সদস্য, জালাল উদ্দিন, যুবদল, ছাত্রদল, রাজনৈতিক কর্মসূচি
বিএনপির বিক্ষোভ মিছিল। নয়া দিগন্ত

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসদর ঈদগাহ থেকে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন বলেন, ‘দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য কিংবা সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

তিনি আরো বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন। যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে রাজপথে থেকে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।’ 

এ সময় আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো: তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো: আতিকুর রহমান মাসুদ, মো: কামাল উদ্দিন (ভিপি), পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কদ্দুস মোমেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: মাজহারুল হক উজ্জ্বল, সদস্যসচিব শাহীন আলম জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এর আগে, সকাল ৮টা থেকে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। এক সময় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ঈদ্গাহ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।