মায়ের সাথে যেতে না পেরে সড়কেই মৃত্যু দুই বোনের

নয়া দিগন্ত ডেস্ক
ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আপন দুই বোন নিহত হয়েছে। এ ছাড়া নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় রাস্তা পারাপারের সময় ইজিবাইক উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে।
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদরা নিহত হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার তালদীঘি নামক স্থানে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
জানা যায়, উপজেলার পশ্চিম তালদীঘি গ্রামের ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করতে প্রতিদিনের মতো বাড়ি থেকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর দুই মেয়ে আরবিয়া (৮) ও রাবেয়াও (৬) সাথে যেতে চাইলে তিনি বাড়িতে ফেরত পাঠান। এর পরপরই ময়মনসিংহের দিক থেকে আসা নীল ও হলুদ রঙের একটি দ্রুতগামী কাভার্ডভ্যান আরবিয়া ও রাবেয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। নিহত আরবিয়া ও রাবেয়া তালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে দ্বিতীয় ও শিশু শ্রেণীর ছাত্রী ছিল। তারা উপজেলার পশ্চিম তালদীঘি গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। 
নেত্রকোনায় শিশু নিহত 
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় রাস্তা পারাপারের সময় ইজিবাইক উল্টে সাওদা মনি (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে উপজেলাব রংছাতি ইউনিয়নের অমরগাঁও নামাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাওদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। 
জানা গেছে, শিশুটি সকালে অমরগাঁও নামাপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির দু’টি ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে উল্টে শিশু সাওদা মনির উপর আছড়ে পড়ে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement