
নয়া দিগন্ত ডেস্ক
দেশে বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৮৬ জন।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি অক্টোবর মাসেই মারা গেছে ১৭০ জন । এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৮৮৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩২ হাজার ১০৫ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ২৫ হাজার ৪৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৫৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ২৬৪ জন, বরিশালে ২২৯ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ৮৯ জন, রংপুরে ৭৮ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
সিলেটে আরো ১১ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেট ব্যুরো জানায়, সিলেটে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ১১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন, ৩ জন করে মাধবুপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন করে হবিগঞ্জ সদর হাসপাতাল, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








