
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
চিকিৎসার উদ্দেশ্যে বিমানে কলকাতা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করা বিমানের এক ভারতীয় নারী যাত্রীর লাশ ১০ দিন পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে লাশটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
মৃত অঞ্জনা ভৌমিক (৫৬) ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার আজেরা এলাকার বাসিন্দা ছিলেন।
গত ১৮ অক্টোবর চিকিৎসার উদ্দেশ্যে ভারতের আগরতলা থেকে বিমানে কলকাতা যাচ্ছিলেন অঞ্জনা ভৌমিক। যাত্রাপথে বিমানটির দরজায় ত্রুটি দেখা দিলে তা জরুরি ভিত্তিতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই এয়ার অ্যাম্বুলেন্সে দুই ক্রু সদস্য, এক রোগী, এক চিকিৎসক ও এক প্যারামেডিকসহ মোট সাতজন ছিলেন। অবতরণের পর সবাই নিরাপদ থাকলেও অসুস্থ অঞ্জনা ভৌমিককে দ্রুত ঢাকার কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অঞ্জনা ভৌমিক ও তার সাথে থাকা নিকটাত্মীয়ের কাছে পাসপোর্ট না থাকায় লাশ ভারতে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়ায় আইনি ও নথিপত্র সংক্রান্ত জটিলতা দেখা দেয়। পরবর্তীতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে তাদের ট্রাভেল পারমিট সংগ্রহ করা হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের উপস্থিতিতে লাশটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








