সাফের টিকিটের দাম ১ হাজার টাকা

ক্রীড়া প্রতিবেদক
৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে সাফ ফুটবল। এই আসরে প্রতিদিন দু’টি করে ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ তারিখে  ভুটানের সাথে। রাত ৮টায় এই ম্যাচ। ওই দিন  বেলা সাড়ে ৩টায় মুখোমুুখি হবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ এর আগে ২০০৩, ২০০৯, এবং ২০১৮ সালে সাফ ফুটবলের স্বাগতিক হয়েছিল। তবে এবারের মতো এতে বেশি টিকেটের দাম ধরা হয়নি। এবার ম্যাচের টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এর জবাবে সাফ সেক্রেটারি নেপালের পুরুষোত্তম কাটাল জানান, ‘এক দিনে দুই ম্যাচ তাই ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।’ যদিও বাফুফের কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান গোলাম গাউসের মতে, ‘দু’টি ম্যাচের জন্য টিকেটের মূল্য এক হাজার টাকা। দর্শকদের জন্য এটি কিছুটা চাপের হতে পারে। তবে টিকেটের বিষয়টি সাফের ওপর নির্ভর করে। এবার সাফই টুর্নামেন্টটি নিয়ন্ত্রণ করছে, আমরা বাফুফে থেকে সহযোগিতা করছি।’ এছাড়া করপোরেট বক্সের টিকিট কিনতে হবে ১০ হাজার টাকায়।
আসন্ন সাফ ফুটবল নিয়ে গতকাল বাফুফের কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন সাফ সেক্রেটারি। সভা শেষে সাফ সেক্রেটারি কাটাল বলেন, ‘দর্শকদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই বৈঠকের মূল লক্ষ্য। মাঠের কন্ডিশন থেকে শুরু করে ইনার গেট, আউটার গেট ও ভিআইপি গেটের ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বাফুফের সাথে আমাদের মূল আলোচনা হয়েছে মাঠের কন্ডিশন, ম্যাচ, টিকিট, নিরাপত্তাব্যবস্থা এবং ইনার-আউটার ও ভিআইপি গেট নিয়ে। অতিথিরা কীভাবে প্রবেশ করবেন, দর্শকরা কীভাবে নির্বিঘেœ স্টেডিয়ামে ঢুকে খেলা উপভোগ করবেন- এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দর্শকদের জন্য বিষয়গুলো কীভাবে যৌথভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, সেটিই ছিল মূল লক্ষ্য।’ টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণীতে। সাধারণ গ্যালারির টিকেটের মূল্য এক হাজার টাকা, ক্লাব হাউজের চার হাজার, ভিআইপি গ্যালারির সাত হাজার, রেড বক্সের আট হাজার এবং করপোরেট বক্সের টিকিট দশ হাজার টাকা। একটি ডে পাস কিনলেই সেদিনের দু’টি ম্যাচ দেখা যাবে। ফাইনালের টিকেটের দাম পরিবর্তন হতে পারে।
এবারের সাফে থাকছে ভিএআর প্রযুক্তি। অবশ্য তা দুই সেমিফাইনাল ও ফাইনালে ব্যবহার করা হবে জানান সাফ সেক্রেটারী। তার দেয়া তথ্য, গ্রুপ পর্বের ম্যাচে আমরা পরীক্ষামূলকভাবে ভিএআর প্রয়োগ করবো। সেখানে ঘটা ভুলগুলো নিয়ে আমরা সেমিফাইনাল ও ফাইনালে শুধরানোর চেস্টা করব।
এবারের সাফে নেই নেপাল। ফিফার নিষেধাজ্ঞার কারণে খেলা হচ্ছে না হিমালয়ের দেশটির। অন্য দিকে ভারত তাদের মূল দল নাও পাঠাতে পারে। অবশ্য এই ধারণা উড়িয়ে দিলেন সাফ সেক্রেটারি। তার মতে, এটা ফিফা টায়ার ওয়ানের খেলা। আশা করি, ভারত সেরা দলই পাঠাবে।

Advertisement