
নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে লরির ধাক্কায় পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরো দুইজনের।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় যাত্রীবাহী বাসের পাঁচ যাত্রী নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু, তিন নারী ও একজন পুরুষ রয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন দিক থেকে মালবাহী একটি লরি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি মহাসড়কের কুমিরা রয়েল গেট এলাকায় পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ চলছিল। এ সময় একটি পণ্যবাহী লরি বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত ১২ যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে মো: ইব্রাহিম (৬) ও স্বপ্না (২৬) নামের দুজনের নাম পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি নেত্রকোনায়। নিহত অন্য তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের রামনগর ঠাকুরবাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত মিজানুর রহমানকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল্লাহ শেখ সদর উপজেলার বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। আহত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সদরপুর গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সকাল ৮টার দিকে রামনগর ঠাকুরবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
রামনগর হাইওয়ে থানার এসআই গৌরব জানান, রামনগর ঠাকুরবাড়ি এলাকায় সকাল ৮টার দিকে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ব্যক্তি মিজানুর রহমান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল দু’টি হেফাজতে নিয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার সীমান্তবর্তী সুসং দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় পঞ্চাশোর্ধ এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। সোমবার উপজেলার বিরিশিরি ইউনিয়নের দেওটুকুন চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এক অজ্ঞাত নারী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাস্তার উপর পড়ে কাতরাতে থাকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, দুর্ঘটনায় নিহত ওই নারীর নাম ঠিকানা পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








