হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মো: রাকিবুল হক


হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান এবং ফুলব্রাইট স্কলার অধ্যাপক ড. মো: রাকিবুল হক। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে কপিরাইট অফিস ভবনে হিট প্রকল্পের কার্যালয়ে বিদায়ী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, সচিব ড. মো: ফখরুল ইসলাম এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তা ও কনসালট্যান্টরা উপস্থিত ছিলেন।
নতুন প্রকল্প পরিচালককে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, হিট দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম বড় প্রকল্প। এটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। 
অধ্যাপক মামুন আহমেদ বলেন, সরকারের অগ্রাধিকার ও ইউজিসির পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে হিট প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে তিনি আশা করেন।
প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় ইউজিসি তদারকি জোরদার করেছে বলেও জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি নতুন প্রকল্প পরিচালককে নির্ধারিত লক্ষ্য সামনে রেখে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে ফুলব্রাইট ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন।
অধ্যাপক হক যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, ঘানা এবং ইউরোপের বিভিন্ন দেশের গবেষক ও প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণায় যুক্ত রয়েছেন। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ সরকারের সাথে সংশ্লিষ্ট গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতাও রয়েছে তার।
গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে অধ্যাপক ড. মো: রাকিবুল হককে প্রেষণে এ দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়। দেশের উচ্চশিক্ষা খাতের রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্প বাস্তবায়ন করছে ইউজিসি।  বিজ্ঞপ্তি।

Advertisement