
অনেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগ, স্ট্রোকসহ নানা রোগের ঝুঁকি বাড়ে। অনেকেই এটি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ওষুধ খান। এ ছাড়াও প্রতিদিন কিছু অভ্যাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এর মধ্যে দিনের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে ওঠে কী খাচ্ছেন, কতটা লবণ গ্রহণ করছেন কিংবা শরীরচর্চার জন্য কতটুকু সময় রাখছেন- এসব অভ্যাসে সারা দিনের রক্তচাপে প্রভাব ফেলে।
পুষ্টিকর সকালের নাশতা : সকালের নাশতা কেবল দিনের কাজ শুরুর শক্তিই জোগায় না; হৃৎপিণ্ডের সুস্থতা বজায় রাখতেও ভূমিকা রাখতে পারে। এ কারণে দিনের প্রথম খাবারে পুষ্টিকর উপাদান রাখা জরুরি। ফল, শাকসবজি, ওটস ও আঁশসমৃদ্ধ খাবার ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে পটাশিয়ামসমৃদ্ধ খাবার রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। সকালের খাবারের তালিকায় কলা, টমেটো, আলু ও বিভিন্ন শাকসবজি রাখতে পারেন। এসব খাবারে পটাশিয়াম পাওয়া যায়। এ খনিজ শরীরে সোডিয়ামের প্রভাব সামলাতে এবং রক্তনালির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। তবে কিডনির সমস্যা থাকলে পটাশিয়াম গ্রহণের পরিমাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত।
খাবারে লবণের পরিমাণ কম : উচ্চ রক্তচাপের অন্যতম ঝুঁঁকির কারণ অতিরিক্ত লবণ খাওয়া। লবণে থাকা সোডিয়াম শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। এতে রক্তের পরিমাণ বেড়ে যেতে পারে এবং রক্তনালির ওপর চাপ তৈরি হয়। এর ফলে রক্তচাপ বাড়ার ঝুঁঁকি থাকে। সকালে নাশতা তৈরির সময় অতিরিক্ত লবণ ব্যবহার না করাই ভালো। কেবল রান্নার লবণ নয়; প্যাকেটজাত খাবার, সস, চিপস ও প্রক্রিয়াজাত খাবারেও প্রচুর সোডিয়াম থাকতে পারে। এসব খাবার কেনার সময় প্যাকেটের পুষ্টিমান দেখে নেয়া দরকার। লবণের বদলে খাবারের স্বাদ বাড়াতে রসুন, গোলমরিচ, জিরা, লেবুর রস কিংবা বিভিন্ন মসলা ব্যবহার করতে পারেন।
ব্যায়ামের পরিকল্পনা : রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সকালের ব্যায়াম খুবই গরুত্বপূর্ণ। এজন্য নিয়মিত হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতারের মতো ব্যায়াম করতে পারেন। এসব ক্রিয়াকলাপ হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। পাশাপাশি শক্তি বাড়ানোতেও ব্যায়ামও উপকারী।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চার চেষ্টা করা যেতে পারে। তবে একবারে ৩০ মিনিট সময় বের করা কঠিন হলে দিনের বিভিন্ন সময়ে ভাগ করেও ব্যায়াম করা যায়। ব্যায়ামের আগে কয়েক মিনিট হালকা ওয়ার্মআপ করা এবং ব্যায়ামের সময় স্বাভাবিকভাবে শ্বাস নেয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, রক্তচাপ নিয়ন্ত্রণে কেবল ওষুধের ওপর নির্ভর করা ঠিক নয়। প্রতিদিনের জীবনযাপনেও কিছু পরিবর্তন আনা জরুরি। পুষ্টিকর খাবার খাওয়া, লবণ কমানো এবং নিয়মিত শরীরচর্চার মতো অভ্যাস হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখবে। তবে যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের নিয়মিত রক্তচাপ মাপা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা জরুরি। জীবনযাত্রায় পরিবর্তন আনলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা বা মাত্রা পরিবর্তন করা উচিত নয়। ইন্টারনেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








