বেড়িবাঁধ নেই, জলদস্যুর আতঙ্ক শিক্ষার হার মাত্র ১০ শতাংশ

মুহাম্মদ হানিফ ভূঁইয়া নোয়াখালী অফিস 
নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের প্রায় ৪০ হাজার বাসিন্দা এখনো মৌলিক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। প্রকৃতির অপার সৌন্দর্য আর বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও দ্বীপবাসীর জীবন কাটছে বিভিন্ন সঙ্কট ও অনিশ্চয়তায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উন্নয়নের প্রতিশ্রুতি শুনলেও বাস্তবে পরিবর্তন আসেনি। বেড়িবাঁধ নেই, যোগাযোগব্যবস্থা ভঙ্গুর, স্বাস্থ্যসেবা অপ্রতুল, শিক্ষার সুযোগ সীমিত। জীবিকার প্রধান অবলম্বন মাছ ধরা ও কৃষিকাজেও রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা। এক দিকে সামুদ্রিক জোয়ারে লবণাক্ত পানি ঢুকে ফসল নষ্ট হচ্ছে, অন্য দিকে জলদস্যুদের হামলায় বিপন্ন হচ্ছে জেলেদের জীবন ও জীবিকা। 
স্থানীয়দের ভাষায়, ঈদের আনন্দ কিংবা স্বাভাবিক নাগরিক জীবনের সুযোগ- কোনোটিই যেন তাদের ভাগ্যে জোটে না। বছরের পর বছর তারা দুই বেলা দু’মুঠো খাবার ও মোটা কাপড়ের সংস্থান করতে সংগ্রাম করছেন। 
ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপ থেকে নতুন বসতি 
১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিঝুম দ্বীপের জনবসতি মুহূর্তের মধ্যে বঙ্গোপসাগরের গ্রাসে বিলীন হয়ে যায়। প্রাণ হারান অসংখ্য মানুষ। এরপর প্রায় চার বছর দ্বীপটিতে কোনো জনবসতি ছিল না।
১৯৭৪ সালে মেঘনার করাল গ্রাসে বসতভিটা ও জমিজমা হারানো ভূমিহীন মানুষ নতুন উদ্যমে নিঝুম দ্বীপে এসে আবার বসতি স্থাপন শুরু করেন। প্রায় ১৬৩ দশমিক ৪৫ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপে বাতায়ন, বসুন্ধরা, আগমনী, যুগান্তর, ছায়াবীথি, সূর্যোদয়, আনন্দ, ধানসিঁড়ি ও ছায়াবীথি নামে ৯টি আদর্শ গ্রামের মাধ্যমে ৪০৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে বলে স্থানীয়  সূত্রে জানা যায়। দ্বীপের উল্লেখযোগ্য চরগুলোর মধ্যে রয়েছে বাল্লার চর, চর ওসমান, কামলার চর ও চর মুরি। বর্তমানে পুরো দ্বীপে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশ জেলে এবং ২০ শতাংশ কৃষিজীবী। 
বেড়িবাঁধ না থাকায় কৃষকের সর্বনাশ 
নিঝুম দ্বীপের মাটি বেশ উর্বর। এখানকার জমিতে বছরে তিনটি ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কিন্তু দ্বীপের চার পাশে টেকসই বেড়িবাঁধ না থাকায় সামুদ্রিক জোয়ারে লবণাক্ত পানি ঢুকে পড়ে। এতে কৃষকের কষ্টার্জিত ফসল নষ্ট হয়ে যায়। বারবার এমন ক্ষতির মুখে পড়ে অনেক কৃষক চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন। দ্বীপের বাসিন্দা ইলিয়াস, আকবর আলী ও রবিন জানান, তাদের প্রধান সমস্যা বেড়িবাঁধ। কৃষকরা অনেক কষ্ট করে জমিতে ফসল ফলান। কিন্তু সামুদ্রিক জোয়ারের লবণাক্ত পানি ঢুকে উঠতি ফসল নষ্ট করে দেয়। ফলে সারা বছরের পরিশ্রম অনেক সময় এক জোয়ারেই শেষ হয়ে যায়।
তাদের মতে, বেড়িবাঁধ নির্মাণ করা গেলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাও নিশ্চিত হবে। শুধু কৃষিজমি নয়, বসতবাড়ি ও অন্যান্য সম্পদ রক্ষার জন্যও টেকসই বেড়িবাঁধ জরুরি। 
বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপ 
নিঝুম দ্বীপের আরেকটি বড় সঙ্কট যোগাযোগব্যবস্থা। বিশেষ করে বর্ষাকালে শাখাসড়ক না থাকায় মূল দ্বীপের সাথে বিভিন্ন এলাকার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যাহত হয় এবং বাজারে পণ্যের দাম বেড়ে যায়। দ্বীপের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য প্রায় আট কিলোমিটার দীর্ঘ একটিমাত্র সড়ক রয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে আধুনিক যানবাহন তো দূরের কথা, অনেক স্থানে রিকশা চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দ্বীপবাসীকে। 
জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও যোগাযোগসঙ্কটের কারণে রোগীদের দ্রুত হাসপাতালে নেয়া যায় না। স্থানীয়দের অভিযোগ, যথাযথ চিকিৎসাসেবা না পাওয়ায় অনেক সাধারণ মানুষকে অকালে প্রাণ হারাতে হচ্ছে। গর্ভবতী নারী, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে এ সঙ্কট আরো প্রকট। 
বিপুল মৎস্যসম্পদ, কিন্তু জেলেদের দুর্দশা 
বঙ্গোপসাগরের মৎস্য আহরণ এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থিত নিঝুম দ্বীপ। চার পাশে নদী ও সাগর থাকায় এখানে রয়েছে বিপুল মৎস্যসম্পদ। স্থানীয় বাসিন্দাদের আয়ের অন্যতম প্রধান উৎস সামুদ্রিক মাছ আহরণ। এর পাশাপাশি গবাদিপশু পালন, মধু সংগ্রহ ও কৃষিকাজেও অনেকে যুক্ত। 
প্রতি বছর জুন থেকে নভেম্বর ও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মাছ ধরার গুরুত্বপূর্ণ মৌসুম। নিঝুম দ্বীপের উপকূলীয় অঞ্চল চিংড়ি চাষের জন্যও অত্যন্ত উপযোগী। দ্বীপ ও আশপাশের চর- কামলার চর, চর রোশনা, চর কালাম, চর মোহাম্মদপুর, দমার চর, শূন্যের চর ও চর রেহানিয়া- মৎস্য আহরণ ও চিংড়ি চাষের সম্ভাবনাময় এলাকা।  
দ্বীপের জেলেরা প্রতিদিন নদী ও সাগরে মাছ ধরতে যান। কিন্তু তাদের জীবনের নিরাপত্তা নেই। প্রায়ই নদী ও সাগরে জলদস্যুদের কবলে পড়তে হয় তাদের। দস্যুরা জেলেদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং ধরা মাছ লুট করে নিয়ে যায়। অনেক ক্ষেত্রে জেলেদের জাল, নৌকা ও অন্যান্য সরঞ্জামও লুটের শিকার হয়। 
অন্য দিকে দ্বীপের অধিকাংশ মৎস্যজীবী দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি বলে অভিযোগ রয়েছে। মাছ ধরার জন্য আগাম অর্থ নিতে গিয়ে তারা ঋণের জালে আটকে পড়েন। পরে ধরা মাছ বাধ্য হয়ে দাদন ব্যবসায়ীদের কাছে কম দামে বিক্রি করতে হয়। ফলে কঠোর পরিশ্রম করেও তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছেন না। 
সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে মাছ নষ্ট 
নিঝুম দ্বীপের আশপাশে জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত প্রচুর ডিমবিহীন ইলিশ পাওয়া যায়। অন্য দিকে অগ্রহায়ণ থেকে পৌষ মাস পর্যন্ত ডিমওয়ালা ইলিশ ধরা পড়ে। কিন্তু মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জেলেরা তাদের আহরিত মাছের ন্যায্যদাম পান না। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় বরফকল, হিমাগার ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধা না থাকায় প্রতি বছর আহরিত মাছের প্রায় ৪০ শতাংশ নষ্ট হয়ে যায়; অথচ এসব মাছ যথাযথভাবে সংরক্ষণ ও বাজারজাত করা গেলে জেলেদের আয় বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। দ্বীপে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য নেই বলে অভিযোগ রয়েছে। অন্য দিকে যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় জলদস্যুদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করাও কঠিন হয়ে পড়ে। ফলে জেলেদের নিরাপত্তাহীনতা কাটছে না। 
শিক্ষাব্যবস্থায় চরম দুরবস্থা 
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নিঝুম দ্বীপে শিক্ষার চিত্রও হতাশাজনক। এখানে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি জুনিয়র হাইস্কুল রয়েছে। কিন্তু প্রয়োজনীয় শিক্ষকসঙ্কট এবং নিয়মিত পাঠদান না হওয়ার অভিযোগ রয়েছে। 
স্থানীয়দের অভিযোগ, অনেক শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। ফলে শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দ্বীপের শিক্ষার হার মাত্র ১০ শতাংশ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও মানসম্মত শিক্ষা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় অনেক শিশু-কিশোরের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে। অভিভাবকদের আর্থিক অসচ্ছলতা, যোগাযোগসঙ্কট এবং পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবও এ পরিস্থিতির জন্য দায়ী। উচ্চশিক্ষার সুযোগ না থাকায় অনেক শিক্ষার্থী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পর পড়াশোনা চালিয়ে যেতে পারে না। 
সম্ভাবনার দ্বীপে উন্নয়নের অপেক্ষা 
নিঝুম দ্বীপের রয়েছে বিপুল মৎস্যসম্পদ, কৃষি, বনজ সম্পদ, মধু আহরণ ও পর্যটনের সম্ভাবনা। পরিকল্পিত উন্নয়ন করা গেলে দ্বীপটি দেশের অর্থনীতি ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। কিন্তু বেড়িবাঁধ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মৎস্য সংরক্ষণ ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

Advertisement

স্থানীয়দের দাবি, নিঝুম দ্বীপের মানুষের জীবনমান উন্নয়নে প্রথমেই চার পাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক সংস্কার ও সম্প্রসারণ, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিশ্চিত করা এবং জেলেদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন এবং দাদন ব্যবসার ওপর নির্ভরতা কমাতে সহজ শর্তে সরকারি ঋণ ও প্রণোদনা দিতে হবে। প্রকৃতির অপার সৌন্দর্য ও সম্পদে ভরপুর নিঝুম দ্বীপের বাসিন্দাদের প্রশ্ন- দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই জনপদে নাগরিক সুবিধা নিশ্চিত করতে আর কত দিন অপেক্ষা করতে হবে?