
বরিশাল ব্যুরো
বরিশালে শেখ ফারহান নাদীম নামে এক বিচারক নিখোঁজ হয়েছেন। তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস শেষে বাসায় ফেরেননি তিনি। গতকাল বুধবার তিনি আদালতেও অনুপস্থিত ছিলেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশের পর আদালত কর্তৃপক্ষ তার সন্ধানে খোঁজখবর শুরু করেছে। পাশাপাশি বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ১৪৮৯, তারিখ : ১৮-১১-২০২৬।
নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীমের বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান বলেন, মঙ্গলবার তিনি নিয়মিত অফিস করেছেন। অফিস শেষে আর বাসায় ফেরেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবারও আদালতে উপস্থিত না হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তার সন্ধানে খোঁজ নেয়া হচ্ছে।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম বুধবার আদালতে আসেননি। পরে খোঁজখবর নিয়ে তার নিখোঁজ থাকার বিষয়টি জানতে পারেন তারা।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: মঞ্জুর মোরশেদ বলেন, মঙ্গলবার বিকেল থেকে বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন বলে তিনি শুনেছেন। বিষয়টি জানার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।
তিনি আরো জানান, সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আদালতের কার্যক্রম শেষ করে দেখা যায় মঙ্গলবার বিকেলে রিকশায় বের হন বিচারক শেখ ফারহান নাদীম। তিনি নগরীর সদর রোডের একটি পোশাকের শোরুমে যান। সেখান থেকে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন। রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় দেখা যায় তাকে। এরপর তার আর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। ওসি বলেন, গতকাল বিকেল ৫টায় বিচারকের ব্যবহৃত মোবাইল বন্ধ হয়ে যায়। এ কারণে মোবাইল নম্বর ব্যবহার করে কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করা যাচ্ছে না। তারপরও তার সন্ধানে আমাদের চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








