
নয়া দিগন্ত ডেস্ক
দীর্ঘ এক দশকের যুদ্ধে কর, শুল্ক, তেল বিক্রি ও বিভিন্ন ধরনের অনুদান থেকে বিপুল অর্থ সংগ্রহ করে সামরিক শক্তি বাড়াচ্ছে ইয়েমেনে হাউছিরা। তাদের যুদ্ধের অর্থের জোগান বাড়ছে। এতে নতুন যোদ্ধা নিয়োগ সহজ হচ্ছে। এতে দেশটিতে দারিদ্র্য বাড়ছে এবং সরকারি সেবার মান কমছে। এদিকে, হাউছিদের অগ্রযাত্রা ঠেকাতে তাদের স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তা ছাড়া দেশটির তাইজ প্রদেশে সরকারি বাহিনীর সাথে হাউছিদের তীব্র লড়াই চলছে। এমন পরিস্থিতিতে মার্কিন পডকাস্টার টাকার কার্লসন এক বিস্ময়কর মন্তব্য করেছেন। তার দাবি, হাউছিরা সৌদি আরবের কিছু ভূখণ্ড দখল করে রেখেছে। তবে তার এ দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য প্রকাশ করা হয়নি।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার জানান, মঙ্গলবার ইয়েমেনের সানা, হুদাইদা, আমরান ও সাদা প্রদেশে হাউছিদের ৬০টি সামরিক স্থাপনা লক্ষ্য করে ‘নির্ভুল অভিযান’ চালানো হয়েছে। এসব হামলায় ক্ষেপণাস্ত্র তৈরির কর্মশালা ও সংরক্ষণাগার হিসেবে ব্যবহৃত কয়েকটি সুড়ঙ্গ ধ্বংসের দাবি করেছে জোট। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে হাউছিদের অগ্রযাত্রার সময় এ অভিযান চালানো হয়।
গত কয়েক দিনে সরকারি বাহিনী ও তাদের মিত্ররা বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি তাইজ প্রদেশের দুবাব বিমানবন্দরসহ আশপাশ এলাকা থেকে পিছু হটেছে। এডেনের প্রতিরক্ষা জোরদার করতেই তারা ওই এলাকা ছেড়েছে বলে জানা গেছে। লাহিজ প্রদেশের তুর আল-বাহাহ এলাকাতেও নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।
যুদ্ধের অর্থের উৎস
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ যুদ্ধের মধ্যে হাউছিরা অর্থ সংগ্রহের বিভিন্ন ব্যবস্থা গড়ে তুলেছে। মোখা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের জুলাই মাসের এক প্রতিবেদন অনুযায়ী, গোষ্ঠীটির আর্থিক ব্যবস্থায় বছরে প্রায় ২৫০ কোটি ডলারের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পদ ও ব্যয়ের সংস্থান হয়। এর মধ্যে কর ও শুল্ক থেকে প্রায় ৮০ কোটি, অতিরিক্ত ফি ও চাঁদা থেকে ৬০ কোটি এবং যুদ্ধের জন্য নগদ অর্থ ও পণ্যসামগ্রী হিসেবে অনুদান থেকে ৩০ কোটি ডলার আসে। একই প্রতিষ্ঠানের মে মাসের গবেষণায় বলা হয়েছে, হাউছিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় আদায় করা রাজস্বের প্রায় ৬০ শতাংশ নিরাপত্তা ও সামরিক খাতে ব্যয় হয়।
সানার বাসিন্দা আলী নাজি জানান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনীর জন্য অর্থ অনুদান চেয়ে প্রায়ই মুঠোফোনে বার্তা পাঠানো হয়। তিনি নিজে অনুদান না দিলেও হাজারো মানুষ সামান্য অর্থ দেয়। এমনকি ১০০ ইয়েমেনি রিয়ালের অনুদানও জমতে জমতে বড় অঙ্কে পরিণত হয়। সমাবেশে কাপড় বিছিয়ে অর্থ সংগ্রহের পাশাপাশি কেউ কেউ রাইফেল, পিস্তল ও ইয়েমেনের ঐতিহ্যবাহী ছোরা জাম্বিয়াও দেন। জানাজায় অংশ নেয়া মানুষের কাছেও খাম দিয়ে অনুদান চাওয়া হয় বলে জানান তিনি।
আমদানি করা তেলও হাউছিদের আয়ের বড় উৎস। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দাবি, ইরান সরকার দুবাইভিত্তিক ইরানি মালিকানাধীন বা সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে হাউছিদের তেল সরবরাহ করেছে; প্রতি মাসে বিনামূল্যে তেলের চালানও দিয়েছে। এসব তেল অবৈধভাবে বিক্রি করে হাউছিরা বছরে ২০০ কোটি ডলারের বেশি আয় করছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা ব্যবস্থাপক ইয়াজিদ আল-জেদ্দাবির মতে, কর, শুল্ক, জাকাত, জ্বালানি ও টেলিযোগাযোগ খাতের আয় ছাড়াও আমদানি অনুমতি, ফি এবং বৈদেশিক মুদ্রা পাওয়ার সুযোগ নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের ওপর প্রভাব বিস্তার করছে হাউছিরা। এসব অর্থ নিরাপত্তা বাহিনী ও অনুগতদের নেটওয়ার্ক পরিচালনায় ব্যয় হয়। কর্মসংস্থানের সঙ্কট এবং সরকারি কর্মীদের বেতন অনিয়মিত হওয়ায় কিছু তরুণের কাছে হাউছি বাহিনীতে যোগ দেয়া আয়ের অন্যতম সুযোগ হয়ে উঠেছে। জাতিসঙ্ঘের বিশেষজ্ঞদের ২০২৪ সালের হিসাব অনুযায়ী, হাউছি যোদ্ধার সংখ্যা প্রায় তিন লাখ ৫০ হাজার; তাদের মধ্যে ১৮ বছরের কম বয়সীরাও রয়েছে।
তাইজে তীব্র লড়াই
আলজাজিরার প্রতিবেদক হাদিল আল-ইয়ামানি জানিয়েছেন, তাইজে সরকারি বাহিনী ও হাউছি যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ, হাউছিরা বেসামরিক মানুষ ও আবাসিক এলাকায় গোলাবর্ষণ করছে। জাবাল সাবর এলাকার গ্রামগুলো পুরোপুরি অবরুদ্ধ। সেখানে নিরাপদে চলাচলের জন্য করিডোর খুলে দেয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রতিদিন স্নাইপারদের হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ নিহত ও আহত হচ্ছেন বলেও জানান তিনি।
সৌদি ভূখণ্ডে অবস্থানের দাবি
এদিকে, সৌদি আরবের কিছু অংশ হাউছিদের দখলে থাকার দাবি করেছেন মার্কিন পডকাস্টার টাকার কার্লসন। গত সোমবার প্রকাশিত এক পডকাস্টে ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইকার্টের সাক্ষাৎকারে তিনি বলেন, হাউছিরা সৌদি রাজতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে উঠেছে এবং সৌদি ভূখণ্ডের একটি অংশে তাদের অবস্থান রয়েছে। তবে এ তথ্যের উৎস জানাননি কার্লসন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








