ক্রেতা সেজে জুয়েলারি দোকানে চুরি, নারীসহ গ্রেফতার-৩

 সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সিংগাইরে ক্রেতা সেজে জুয়েলারি দোকান থেকে ৩৯ ভরি রুপা চুরির ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি হওয়া রুপার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটে অবস্থিত বাংলাদেশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩)। তাদের দু’জনের বাবার নাম শাহ আলম বলে জানা গেছে। অপরজন হলেন চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী মোড় এলাকার জামাল হোসেনের ছেলে জারিফ হোসেন (৩৫)।
জুয়েলারি মালিক বাবুল হোসেন জানান, দুই নারী ও এক পুরুষ ক্রেতা সেঁজে স্বর্ণ ও রুপার অলঙ্কার দেখতে চান। তিনি অলঙ্কার দেখানোর সময় তার অজান্তে ৩৯ ভরি রুপা নিয়ে তারা দ্রুত দোকান থেকে চলে যান। পরে বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে তাদের খোঁজে নামেন। থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা রুপার পরিমাপ করা হচ্ছে।

Advertisement