
গাজীপুরের শিল্পাঞ্চলে ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এ সময় টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে টঙ্গীর গাজীপুরা, তারগাছ, বড়বাড়ি, বোর্ডবাজার, ছয়দানা, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, নাওজোর, বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন শ্রমিকরা জড়ো হতে থাকেন।
জানা গেছে, সকালে শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সময় পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এদিকে, গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিরাপত্তার কারণে প্রায় ৮০ শতাংশ কারখানায় আজও ছুটি ঘোষণা করা হয়। এছাড়া শ্রমিক অসন্তোষের জেরে এ পর্যন্ত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আজও বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত থাকায় কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শ্রমিকদের অবস্থান, সংঘর্ষ ও অবরোধ অব্যাহত রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো: আমজাদ হোসাইন জানান, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








