
অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ ও সম্প্রসারণের সাথে জড়িত আটটি ইসরাইলি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যের সরকার। একইসাথে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহে বাধা দেয়ায় ‘জাভ ৯’ নামে একটি সংগঠনের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এসব কোম্পানির সম্পদ জব্দ করার ঘোষণা দেয়া হয়েছে।
এসব কোম্পানির মধ্যে রয়েছে- হার হেভরন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, হেমদাত শমরন লিমিটেড এবং এসএজি (ভেলভেল) কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। এই কোম্পানিগুলো পশ্চিম তীরের বসতিগুলোতে বাড়ি নির্মাণের কাজ করে থাকে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন অবৈধ।
পশ্চিম তীরের বিতর্কিত ‘ই১’ বসতি প্রকল্পের দরপত্র জমা দেয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো।
প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হবে এবং অধিকৃত পূর্ব জেরুসালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর ফলে ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডটি খণ্ড-বিখণ্ড হয়ে পড়বে।
এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে রক্ষা করাই এই সরকারের প্রধান লক্ষ্য। তাই ‘ই১’ প্রকল্পের বিষয়ে আমার বার্তা, কোনো দরপত্র জমা দেবেন না, কোনো নির্মাণকাজ করবেন না এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান ধ্বংস করে লাভবান হবেন না।’
এছাড়া ‘জাভ ৯’ সংগঠনটির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। গাজা উপত্যকায় খাদ্য, পানি ও জ্বালানিবাহী ত্রাণবাহী ট্রাক প্রবেশে নিয়মিত বাধা দেয়ার অভিযোগ রয়েছে এই সংগঠনটির বিরুদ্ধে।
এদিকে, পশ্চিম তীরে ইসরাইলি অভিযান অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে ইসরাইলি বাহিনী।
এর আগে, সোমবার রাতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হন।
গত তিন বছরে ইসরাইলের সাথে যুক্তরাজ্যের সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। এর কারণ হলো গাজায় ইসরাইলের চালানো গণহত্যা এবং পশ্চিম তীরে ইসরাইলি সরকারের বসতি সম্প্রসারণের পরিকল্পনা।
ইসরাইলি বসতিগুলোর ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। এর প্রতিক্রিয়ায় গত সেপ্টেম্বরে পূর্ব জেরুসালেমে অবস্থিত যুক্তরাজ্যের কনস্যুলেট ভবন বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিল ইসরাইল।
সূত্র : আলজাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








