
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গোপন বৈঠক থেকে সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আরো ৮ থেকে ১০ জন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
গত ২৫ অক্টোবর বিকেলে উপজেলার বিলগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ আহমেদ বাদি হয়ে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইনে মামলা করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মাহিলাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার, গৌরনদী পৌর আওয়ামী লীগের সদস্য ওয়াজ করনী, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল আলম, বাটাজোর ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন হালদার, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, পৌর ছাত্রলীগের সদস্য সজিব সরদার ও উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়। এজাহারে আরো আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








