রানীশংকৈলে মাছ লুট, গ্রেফতার ১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভাড়া নেয়া পুকুরের মাছ লুট, মাছচাষিকে মারধর করে টাকা ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি তোবারক আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২২ অক্টোবর উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে হাতিয়া পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বারঘরিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে সাইদুর রহমান ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও তার সহযোগীরা পুকুরটি আট মাস আগে ভাড়া নিয়ে মাছ চাষ শুরু করেন। পুকুরে বিভিন্ন প্রজাতির ১৮ থেকে ২০ মণ পোনা মাছ অবমুক্ত করেন তারা।
অভিযোগে বলা হয়, গত ২২ অক্টোবর তোবারক আলীসহ এজাহারভুক্ত আসামিরা এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা তিনটি স্যালো মেশিন বসিয়ে পুকুরের পানি সেচে মাছ ধরতে শুরু করেন। এতে বাধা দিলে মাছচাষি সাইদুর রহমানকে মারধর করে তার পকেট থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে পুকুরের মাছ মেরে লুট করে নিয়ে যায়। এ সময় প্রাণনাশের হুমকিও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সাইদুর রহমান বলেন, ঋণ নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন তারা। মাছ লুট ও টাকা ছিনিয়ে নেয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতার তোবারক আলীকে আইনি প্রক্রিয়ায় নেয়া হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement