
নওগাঁর মহাদেবপুরে এরশাদ হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে তার লাশ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার চান্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বাগডোব থেকে খাজুর যাওয়ার পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত এরশাদ উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মরহুম নওশাদ আলীর ছেলে।
জানা গেছে, সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে রাস্তার পাশের একটি ধানক্ষেতে এরশাদের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়রা জানায়, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, এরশাদ মঙ্গলবার বিকেলে জিগাতলা বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাসায় ফিরেননি। তাকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু বিষয়টি জানতে পারেন তারা।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘দুর্বৃত্তরা এরশাদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যা করে লাশটি রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








