
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে বাঘের বিচরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘের সন্ধানে ধানক্ষেতে ড্রোন উড়িয়েছে বন বিভাগ। আতঙ্কে রাতে গ্রামে মানুষের চলাচল কমে গেছে। গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরবনসংলগ্ন পূর্ব সোনাতলা গ্রামের সরোয়ার হাওলাদারের বাড়ির সামনে ও আবু রাজ্জাক আকনের মাছের ঘেরের পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বনরক্ষী, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ধানক্ষেতেও বাঘের পায়ের ছাপ পাওয়া যায়।
সিপিজির সহকারী টিম লিডার সাচ্চু আকন জানান, ধান ও সবজিক্ষেতের আইলে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার সকাল থেকে শরণখোলা, পানিরঘাট, সোনাতলা, মডেলবাজার ও পূর্ব সোনাতলা এলাকায় প্রায় ১০ কিলোমিটারজুড়ে মাইকিং করে মানুষকে সতর্ক করা হয়েছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শরীফুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্ব সোনাতলার ধানক্ষেতে ড্রোন উড়িয়ে বাঘের সন্ধান করা হলেও পাওয়া যায়নি। বাঘটি সুন্দরবনে ফিরে গেছে, এমন কোনো আলামতও মেলেনি। ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মানুষের নিরাপত্তায় বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যদের নিয়মিত টহলের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর রাতেও পানিরঘাট-সোনাতলা এলাকায় বাঘের বিচরণের চিহ্ন পাওয়া গিয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








