
ছিনতাইকারীর হামলায় শিক্ষার্থী আহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়ে যাওয়ার পথে মুখোশধারী ছিনতাইকারীদের হামলায় নাফিয়া সুলতানা (১৫) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি জাফরনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। গতকাল রোববার সকালে জাফরনগর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় করে আসা দুই যুবক নাফিয়ার পথ আটকে কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা ছুরি দিয়ে তার মাথা ও হাতে আঘাত করে পালিয়ে যায়। দিনদুপুরে এমন ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা।
জঙ্গল থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
সিলেট নগরীর খাদিমনগরে একটি জঙ্গল থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও পুলিশের লুণ্ঠিত একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গত শনিবার রাতে এয়ারপোর্ট থানার পীরেরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসআরবি-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটার পাইপগান, চারটি পাওয়ার জেল, চারটি ডেটোনেটর, শর্টগানের কার্তুজ ও একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামত জিডিমূলে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সিলেট ব্যুরো।
ইমামদের সম্মান দেয়া নৈতিক দায়িত্ব
সমাজে দ্বীনি শিক্ষা প্রচার ও নৈতিকতা গঠনে আলেম-ওলামা ও ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। রোববার রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহফুজুর রহমান রিটন বলেন, বিগত ১৭ বছরে দাড়ি-টুপি ও ধর্মীয় পরিচয়ের কারণে অনেকে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে কেউ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এর মূল লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন। ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মো: আসেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। রাজশাহী ব্যুরো।
সাড়ে ৩ হাজার মিটার জাল জব্দ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদফতর। অভিযানে সন্ধ্যা নদীর বাদামতলা প্রান্ত থেকে প্রায় সাড়ে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। গতকাল রোববার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে এবং নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মা ইলিশের নির্বিঘœ প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জাতীয় সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
মেঘনায় ২১ জেলে আটক
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় ২১ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তিনটি ট্রলার ও বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বনি আমিনের নেতৃত্বে মেঘনা নদীর মহিষখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। ইউএনও বনি আমিন জানান, ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীবন্দরে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








