
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর ফুটপাথ দখলমুক্ত করার পাশাপাশি হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান। নগরবাসীর স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘেœ চলাচল নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গতকাল রোববার দুপুরে নগরীর সাহেববাজার এলাকায় সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাসিক প্রশাসক এসব কথা বলেন। মাহফুজুর রহমান বলেন, ইতোমধ্যে ভদ্রা, মহিলা কলেজ রোড ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাথ দখলমুক্ত করা হয়েছে। তবে লক্ষ্মীপুর, জিরো পয়েন্ট, সোনাদীঘি মোড়, রেলগেট ও গণকপাড়াসহ নগরীর বিভিন্ন এলাকার ফুটপাথ এখনো দখলে রয়েছে। পর্যায়ক্রমে এসব এলাকা মুক্ত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে। ফুটপাথ উচ্ছেদে কোনো হুমকিতে পিছপা হবো না। জীবনের ঝুঁকি নিয়ে হলেও রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার কাজ চালিয়ে যাবো।
পরিদর্শনকালে তিনি সাহেববাজার কাঁচাবাজার ও মাছপট্টির ওপরের তলার ৮৯টি অব্যবহৃত দোকান ঘুরে দেখেন। দোকানগুলো সংস্কারের পাশাপাশি পুরো মার্কেটটি আধুনিকায়নের উদ্যোগ নেয়ার কথা জানান। পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ঈ সাঈদসহ করপোরেশন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








