
খাদেমুল ইসলাম দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রায় ৫০০ কোটি টাকা ঋণের বোঝা, ৪৫ কোটি টাকার অবিক্রীত চিনি ও গত মৌসুমে ৪৩ কোটি টাকার বেশি লোকসান নিয়ে আগামী ২৭ নভেম্বর আখ মাড়াই মৌসুম শুরু করতে যাচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জের জিলবাংলা চিনিকল লিমিটেড। একদিকে বিপুল পরিমাণ চিনি অবিক্রীত পড়ে আছে, অন্যদিকে নতুন মৌসুমের উৎপাদিত চিনি সংরক্ষণের জায়গা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কর্তৃপক্ষ।
মিল সূত্রে জানা গেছে, বর্তমানে গোডাউনে তিন হাজার ৬১৮ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪৫ কোটি ২২ লাখ টাকা। এ ছাড়া ৯০০ মেট্রিক টন চিটাগুড় অবিক্রীত পড়ে আছে, যার মূল্য দুই কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। গত ২০২৫-২৬ মাড়াই মৌসুমে উৎপাদিত চিনির একটি বড় অংশ বিক্রি না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার নির্ধারিত প্রতি কেজি চিনির দাম ১২৫ টাকা। অথচ খুচরা বাজারে পরিশোধিত চিনি ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে বাজারের তুলনায় বেশি দামে মিলের চিনি কিনতে ডিলার ও ব্যবসায়ীরা আগ্রহ দেখাচ্ছেন না। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নির্ধারিত ডিলারদের মাধ্যমে মিলের চিনি বাজারজাত করা হয়।
মিল সূত্রে জানা যায়, ২০২৫-২৬ মৌসুমে ৮৪ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। লক্ষ্যমাত্রা ছিল ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং চার হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদন। উৎপাদিত চিনির মধ্যে মাত্র এক হাজার ৭৫০ মেট্রিক টন বিক্রি হয়েছে। ওই মৌসুমে মিলের লোকসান হয়েছে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা।
চলতি ২০২৬-২৭ মৌসুমে পাঁচ হাজার ১৫ একর জমিতে উৎপাদিত আখ মাড়াই উপযোগী রয়েছে। এ মৌসুমে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং পাঁচ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনির আহরণ হার ধরা হয়েছে ৭ শতাংশ।
এবার আখের দামও বাড়ানো হয়েছে। গত মৌসুমে প্রতি মণ আখের দাম ছিল ২৫০ টাকা, এবার তা বাড়িয়ে ২৬০ টাকা ৪০ পয়সা করা হয়েছে। এতে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়বে এবং উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছে মিল কর্তৃপক্ষ।
১৯৬০-এর দশকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের যৌথ আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রতিষ্ঠিত এ চিনিকলটি দীর্ঘদিন ধরে লোকসানের মুখে রয়েছে। নতুন মৌসুমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি অবিক্রীত চিনি বিক্রি করে লোকসান কমানোই এখন জিলবাংলা কর্তৃপক্ষের বড় চ্যালেঞ্জ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








