
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জাবেদ রহীম বীজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। স্বাগত বক্তব্য রাখেন নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সহসভাপতি ইব্রাহীম খান সাদাত।
প্রধান অতিথির বক্তব্যে নাদিয়া পাঠান পাপন বলেন, নানা বাধা ও প্রতিকূলতা মোকাবেলা করে নয়া দিগন্ত পেশাদারিত্ব বজায় রেখে সাহসী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্য প্রকাশের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি আরজু মিয়া, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন, পুলিশ কর্মকর্তা গোবিন্দ্র সরকার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নয়া দিগন্তের ব্রাহ্মণবাড়িয়া মাল্টিমিডিয়া প্রতিনিধি মো: খোকন মিয়া। পরে পত্রিকাটির আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি আফসার নিয়াজ প্রধান অতিথির হাতে বিশেষ ম্যাগাজিন ‘রাষ্ট্রনায়ক’ তুলে দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








