শাহজালাল মাজারে ৩৩ দিনে মিলল ৮৮ লাখ টাকা

সিলেট ব্যুরো
সিলেটের হজরত শাহজালাল (রহ:) মাজারের সিলগালা করা পাঁচটি দানবাক্স ও তিনটি ঐতিহাসিক ডেগ খুলে ৩৩ দিনের ব্যবধানে আবারো বিপুল পরিমাণ দানকৃত অর্থ ও মূল্যবান সামগ্রী পাওয়া গেছে। গত শনিবার পঞ্চমবারের মতো গণনা শেষে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, এবার ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। সেই সাথে প্রচুর স্বর্ণ, রুপা ও ১৮টি দেশের বিদেশী মুদ্রাও উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসক, জেলা প্রশাসনের কর্মকর্তারা ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স ও ডেগগুলো খোলা হয়। দিনভর গণনা শেষে প্রাপ্ত অর্থের বিস্তারিত বিবরণ প্রকাশ করে জেলা প্রশাসন। চলতি বছরের ১৮ জুন তৎকালীন জেলা প্রশাসক মো: সারোয়ার আলমের উদ্যোগে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে পুরনো দানবাক্স ও ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করা হয়। এরপর থেকে শনিবারসহ মোট পাঁচ দফায় প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হলো। গত ২২ জুন প্রথম দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা, ১৫ আগস্ট তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং ১৯ সেপ্টেম্বর চতুর্থ দফায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া যায়। সব মিলিয়ে পাঁচ দফায় এ পর্যন্ত মোট তিন কোটি ১৭ লাখ টাকা সংগৃহীত হয়েছে। এদিকে মাজারের দানবাক্সে প্রাপ্ত অর্থের ৩৫ শতাংশ উন্নয়নকাজে সোনালী ব্যাংকের যৌথ হিসাবে জমা এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয়ের সিদ্ধান্ত হলেও তা এখনই বাস্তবায়িত হচ্ছে না। জেলা প্রশাসক জানান, সিদ্ধান্তটি এখনই কার্যকর না করে সব টাকা আপাতত ব্যাংকেই জমা রাখা হবে।
তিনি জানান, মাজার পরিচালনার সুবিধার্থে দ্রুতই ব্যবস্থাপক, হিসাবরক্ষক ও কম্পিউটার অপারেটর পদে তিনজনকে নিয়োগ দেয়া হবে।

Advertisement