
নয়া দিগন্ত ডেস্ক
দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু মহামারী আকার ধারণ করেছে। শনিবার ভোরে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। এদিন মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে তিনজন, যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ছাড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আরো কয়েকজন প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মধ্যে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
টঙ্গী (গাজীপুর) : শনিবার ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০) গুরুতর আহত হন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুল আলম জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিখনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যান বাবা তপন চন্দ্র দাসও। নিহতদের বাড়ি শেরপুরের দেওনগঞ্জ উপজেলায়।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শুক্রবার রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় ঢাকামুখী দর্শনা পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির সুপারভাইজার রোকুনুজ্জামান (৫৭), চালকের সহকারী চঞ্চল বিশ্বাস (২৩) ও যাত্রী সালাউদ্দিন আহমেদ সাকিব (৩২) নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে।
যশোর : যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় শনিবার ভোরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সিয়াম হোসেন ও আরিফুল ইসলাম জয়ের পরিচয় পাওয়া গেছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (৩২) ও আসিফ (২৬) নামের দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর (বগুড়া) : শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা লেগে গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শেরপুর থানার ওসি একরামুল হোসাইন জানান, নিহতের মানিব্যাগ ও আইডি কার্ড দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
নাটোর ও নওগাঁয় পৃথক প্রাণহানি
এদিকে নাটোরের সিংড়ায় শনিবার পৃথক ঘটনায় সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে কমল সরকার (২৫) নামের এক দিনমজুর এবং পারিবারিক কলহের জেরে আবেজান বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অন্য দিকে নওগাঁর মহাদেবপুরে অটোচার্জার ও মোটরসাইকেলের সংঘর্ষে তারেক হোসেন (১৯) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








