সরকার জনবিচ্ছিন্ন হয়ে ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে এসেছে : মতিউর রহমান আকন্দ

বরিশাল ব্যুরো

Advertisement

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ বলেছেন, বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে এবং নির্বাচনের আগের ওয়াদা ভুলে পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে এসেছে। শনিবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
বরিশাল মহানগর জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচন উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি ও অধ্যাপক শাহ আলম।
মতিউর রহমান আকন্দ বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফলাফল পাল্টে দেয়া হলেও মানুষের মন পরিবর্তন করা যায়নি। জামায়াতকে জনগণ ভোট দিয়েছে এবং তারা ভোটাধিকারের মূল্যায়ন চায়। তিনি আরো অভিযোগ করেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। দেশে গ্যাস-বিদ্যুতের চরম ঘাটতি এবং চাঁদাবাজি দেখা যাচ্ছে। বিরোধী দলগুলোর পেশ করা সাত দফা দাবি সরকারকে মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি রুকনদের ভোটকেন্দ্রভিত্তিক শক্তিশালী সংগঠন গড়ে তোলার নির্দেশ দেন। সম্মেলনে রুকনরা পরবর্তী মেয়াদের মহানগর আমির নির্বাচনের জন্য ভোট দেন।