দশমিনায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

পটুয়াখালীর দশমিনায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পাঁচখালী চরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোস্তফা খলিফা (৬২) ও আউয়াল ফকিরকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহতদের অভিযোগ, পাঁচখালী চরে রেকর্ডীয় মালিকদের জমি চাষাবাদের উপযোগী করতে ভেকু দিয়ে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছিল। এ নিয়ে বিরোধের জেরে থানায় একাধিকবার বৈঠক হয়। পরে পুলিশের নির্দেশে বেড়িবাঁধ নির্মাণের কাজ বন্ধ রাখা হয়।
ভুক্তভোগীদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে তারা কাজ বন্ধ রেখে খাবার খেতে বসেছিলেন। এ সময় একটি ট্রলারে করে একদল লোক চরে এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন বলে অভিযোগ তাদের। এ সময় চাল, ডাল, ডিজেল, নগদ টাকা ও মুঠোফোন লুট করে নেয়া হয়েছে বলেও দাবি করেন তারা। আহতদের মধ্যে মোস্তফা খলিফা, সিদ্দিক ফকির ও ইউনুস হাওলাদার অভিযোগ করেন, ইস্কান্দার, মনি চৌকিদার ও বেল্লাল ফরাজিসহ ৩০ থেকে ৩৫ জন এ হামলায় অংশ নেন। তবে অভিযুক্ত ইস্কান্দার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ভেকুর কাজে চরে গিয়েছিলেন। কাউকে মারধর করেননি; বরং মারামারি থামানোর চেষ্টা করেছেন। ওই চরে তার কোনো জমিও নেই বলে দাবি করেন তিনি। দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement