
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পে সাধারণ স্বাস্থ্যসেবার পাশাপাশি চর্ম ও চক্ষুরোগ বিশেষজ্ঞদের সেবা দেয়া হয়।
দুর্গম যোগাযোগব্যবস্থা ও স্থানীয় পর্যায়ে সীমিত সুযোগের কারণে দীর্ঘদিন ভোগান্তিতে থাকা পাহাড়ের চর্ম ও চক্ষু রোগীদের দোরগোড়ায় এই চিকিৎসাসেবা পৌঁছানোয় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার পাহাড়ি ও বাঙালি বাসিন্দারা। বিশেষ করে লেলাং ও আশপাশের এলাকার চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের বহু মানুষ এই সুবিধা লাভ করেন।
বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী সেনাবাহিনীর এই মানবসেবামূলক কাজের প্রশংসা করে বলেন, নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো ও কর্মসংস্থানে সেনাবাহিনীর সহায়তায় দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসছে।
ক্যাম্পে উপস্থিত লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার বলেন, পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া মানুষের কাছে জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেয়া এবং পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করাই এ উদ্যোগের লক্ষ্য। জনকল্যাণমূলক এই ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








