সার্বিয়াকে হারিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি জার্মানির
সার্বিয়াকে হারিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি জার্মানির। সংগৃহীত

নেশন্স লিগে শুক্রবার বেলগ্রেডে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। এই জয়ে সোমবার বার্লিনে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতিটা ভালই সেড়ে নিয়েছে তারা।

Advertisement

প্রচণ্ড বৃষ্টির মধ্যে প্রায় দর্শকশূন্য স্টেডিয়ামে জার্মানির হয়ে গোল করেন ফ্লোরিয়ান রিটজ ও অভিষিক্ত ব্রায়ান গ্রুদা। সার্বিয়ার স্রোজান বাবিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে বাবিচ নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে সার্বিয়ার হয়ে একটি গোল শোধ করেন। তবে শেষ দিকে বদলি খেলোয়াড় ভানিয়া দ্রাগোয়েভিচ ও আন্দ্রিয়া জিভকোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় নয়জন নিয়ে ম্যাচ শেষ করে স্বাগতিকরা।

আমস্টারডামে গ্রিসকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। ফলে কোয়ার্টার ফাইনালে উঠতে সোমবার জার্মানির জয় প্রয়োজন হতে পারে। তবে সার্বিয়া অ্যাওয়ে ম্যাচে গ্রিসকে হারালে সমীকরণ বদলে যেতে পারে।

কোচ জার্গেন ক্লপের অধীনে পাঁচ ম্যাচে জার্মানির এটি দ্বিতীয় জয়। বাকি দুই ম্যাচ ড্র করেছে তারা, হেরেছে একটিতে। দলের খেলায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে আশাবাদী ক্লপ।
এতিবে টানা পঞ্চম হারে গ্রুপের তলানিতে থাকা নিশ্চিত হয়েছে সার্বিয়ার।

ক্লপ বলেন, সার্বিয়ার জন্য ম্যাচটি খুব কঠিন ছিল। এই মুহূর্তে তারা নিশ্চিতভাবেই নিজেদের সেরা অবস্থায় নেই। এমন ম্যাচে সহজেই নিজেরাই নিজেদের বিপদে ফেলতে পারতাম, কিন্তু আমরা তা করিনি।

প্রতিযোগিতার আগের ম্যাচগুলোতে বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে উয়েফা সার্বিয়ার সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। ফলে দুই দল মাঠে নামার সময় বিশাল রাজকো মিতিচ স্টেডিয়াম প্রায় ফাঁকা ছিল।

মাত্র পাঁচ হাজার স্কুলশিক্ষার্থী এবং জার্মানি থেকে আসা ২০০ সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হয়।

সার্বিয়ার রাজধানীতে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ম্যাচের মাত্র দুই মিনিটে এগিয়ে যায় জার্মানি।

সামনে নিকলাস ফুলক্রুগকে সরিয়ে একাদশে জায়গা পাওয়া কেই হাভার্টজ কর্নার থেকে আসা বলে হেড করেন। বলটি বাবিচের গায়ে লেগে দিক পরিবর্তন করে ধীরে ধীরে গোললাইন অতিক্রম করে।

১৪ মিনিটে জার্মানির দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাভার্টজ। সার্বিয়ার রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে পড়েন আর্সেনালের এই ফরোয়ার্ড। কাছ থেকে তার নেয়া শট প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে পা ছুঁইয়ে জালে পাঠান তার সাবেক বায়ার লেভারকুসেন সতীর্থ রিটজ।

বিরতির পরপরই অভিষেক ম্যাচে দুর্দান্ত একক প্রচেষ্টায় জার্মানির তৃতীয় গোলটি করেন গ্রুদা। মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন আরবি লিপজিগের এই উইঙ্গার।

এক ঘণ্টা পূর্ণ হওয়ার ঠিক আগে সার্বিয়ার হয়ে ব্যবধান কমান বাবিচ। নেমানিয়া গুদেলজের শট গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান ফিরিয়ে দিলে ফিলতি শটে সহজেই বল জালে পাঠান এই ডিফেন্ডার।

খেলা শেষ হওয়ার ১৪ মিনিট আগে জশুয়া কিমিচকে লক্ষ্য করে বিপজ্জনক ট্যাকল করেন দ্রাগোয়েভিচ। ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

ম্যাচের শেষ দিকে অসদাচরণের কারণে জিভকোভিচের হলুদ কার্ড লাল কার্ডে পরিবর্তিত হলে নয়জনের দলে পরিণত হয় সার্বিয়া।