
ক্রীড়া প্রতিবেদক
বয়সভিত্তিক পর্যায়ে আগে মহাদেশ বা আঞ্চলিক ফেস্টিভ্যাল হতো। এবার প্রথমবারের মতো অ-১৫ ফেস্টিভ্যালকে বৈশ্বিক রুপ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজারবাইজানে ১৯১ দেশ ফিফা অ-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। বিশ মিনিট করে দুই অর্ধে খেলা হবে। আটজনের স্কোয়াড।
১৯১ দেশ ৩২ গ্রুপে খেলছে। ৩২ গ্রুপের চ্যাম্পিয়ন নকআউট পর্বে উঠবে। গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারা দলগুলো খেলবে প্লেট পর্যায়ে। বাংলাদেশের অধিনায়ক ফাহিম হাসান বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই লড়ব।’
বাংলাদেশের গ্রুপে রয়েছে ওয়েলস ও পর্তুগালের মতো দল থাকলেও ঘাবড়াচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক,থ ‘আমাদের প্রস্ততি ভালোই হয়েছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব।’
২৫ ও ২৬ অক্টোবর এক দিনে দু’টি করে ম্যাচ। এ নিয়ে দলের কোচ আকবর হোসেন রিদন বলেন, ‘এক দিনে দুটো খেলা থাকবে, সেটি আমাদের জানা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় তিন মাস দলের অনুশীলন হয়েছে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। বাফুফে ভবনে ফাহিমদের উৎসাহ দিয়ে তিনি বলেন, এই ভবন ও ফুটবল আমার অস্তিত্ব। তোমাদের মতো আমিও এরকম চেয়ারে বসতাম। তোমরাই সামনে জাতীয় দলে খেলবে। ওয়েলস, পর্তুগালের মতো দলের সাথে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।
উন্নতমানের বুট দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বাফুফে থেকে বুট পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। তবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আরো উন্নত মানের বুটের প্রয়োজন অনুভব করছিলেন দলের খেলোয়াড়রা। সেই চাওয়ার কথা সরাসরি তুলে ধরলেন অধিনায়ক ফাহিম হাসান। তার অনুরোধে সাড়া দিয়ে ব্যক্তিগত অর্থায়নে খেলোয়াড়দের পছন্দমতো বুট কিনে দেয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ফাহিম বলেন, ‘স্যার, আমাদের বুট দেয়া হয়েছে বাফুফে থেকে। কিন্তু আরেকটু ভালো মানের, গ্রেডের বুট দিলে আমাদের জন্য আরো ভালো হতো স্যার।
এমন চাওয়ায় আপত্তি করেননি প্রতিমন্ত্রী; বরং খেলোয়াড়দের আরো ভালো বুট চাওয়ার সাহসের প্রশংসা করে তিনি বলেন, ‘অসুবিধা নাই, সমস্যা নাই’।
বিশ্বকাপে ভালো করলে খেলোয়াড়দের আরো উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তার কথায়, ‘ওদের সাহস হইছে, সাহস হইছে আরেকটু বেশি কিছু চাওয়ার। তোমরা ঘুরে আসো, তারপরে যদি আল্লাহর রহমতে ভালো কিছু করে আসো, ইনশা আল্লাহ তোমাদেরকে আরো ভালো কিছু উপহার দেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








