
টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাথি রানি ও দিলারা আক্তারের রেকর্ডগড়া উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে তারা। দু’জনেই করেছেন ক্যারিয়ারসেরা ব্যাটিং।
শুক্রবার (১৩ নভেম্বর) ওমানের আজমানে আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির ম্যাচে এই জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের করা ৭ উইকেটে ১২৯ রানের লক্ষ্য ১৭.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই পূরণ করে নাহিদা আক্তারের দল।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার সাথি ও দিলারা। প্রথম দুই বলে ওয়াইড থেকে ৫ রান পাওয়ার পর প্রথম বৈধ বলেই চার মারেন দিলারা। পাওয়ার প্লের ৬ ওভারেই দু’জন যোগ করেন ৪৮ রান।
এরপরও রান তোলার গতি ধরে রাখেন তারা। শেষ পর্যন্ত গড়েন ১০৪ রানের জুটি। এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি এটি। ২০২৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দিলারা ও সোবহানা মোস্তারি মিলে ১০৩ রান করেছিলেন।
এবার সাথিকে নিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন দিলারা। তবে দলকে জয়ের পথে এগিয়ে দিয়ে ৪৩ বলে ৪৫ রান করে ফেরেন সাথি। প্রায় ২৫ মাস পর জাতীয় দলে ফিরেই খেললেন নিজের ক্যারিয়ারসেরা ইনিংস।
সাথি ফিরলেও থামেননি দিলারা। ৪৯ বলে ৮ চারে ৬৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪৯ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় অর্ধশতক। আগের সর্বোচ্চ ৫১ রানও ছাড়িয়ে গেছেন এই ইনিংসে। অন্যদিকে শারমিন আক্তার ৬ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দিয়ে দলকে জিতিয়ে ফেরেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও দুই ওপেনার কেলিস দলুভু ও বিলাভড বিজা মিলে করতে পারেন ৩১ রান। সপ্তম ওভারে বিজাকে বোল্ড করে জুটি ভাঙেন রাবেয়া খান।
পরের দুই ওভারে ফিরে যান দলুভু ও শার্ন মেয়ার্সও। তবে চতুর্থ উইকেটে চিপো মুগেরি-তিরিপানো ও জোসেফিন কোমোর ৬১ রানের জুটি জিম্বাবুয়েকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। তিরিপানো ৩০ বলে ৪০ ও কোমো ২৯ বলে ৩৩ রান করেন।
শেষ দিকে নিয়াশা গুয়ানজুরার ৫ বলে ১১ রানের ক্যামিওতে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান তোলে দলটি। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২৬ রানে ৩ উইকেট নেন। দিশা বিশ্বাস ১৩ রানে ২ উইকেট নিয়ে ছিলেন আরো মিতব্যয়ী।
গত সেপ্টেম্বরে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর এটিই বাংলাদেশের প্রথম জয়। এর মাঝে পাঁচ ম্যাচের চারটিতে হেরেছিল দল, অন্যটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
সেইসাথে চলতি টুর্নামেন্টে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। আগামী সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








