
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। গতকাল সোমবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে তিনি এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে আরো এগিয়ে নিতে তারা আগ্রহী। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি জানান, দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।
হাইকমিশনার এ সময়ে বিরোধীদলীয় নেতাকে নলেজ করিডোর প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ ছাড়াও বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করে দেশটির উন্নত শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এতে সন্তোষ প্রকাশ করেছেন বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
একই সাথে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
আজ চট্টগ্রামে আসছেন বিরোধীদলীয় নেতা
চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ মঙ্গলবার চট্টগ্রাম সফরে আসছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি চট্টগ্রামে আগমন করবেন।
আজ সকাল ১০টায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ছাত্র আন্দোলনে সম্পৃক্ত সংগঠনের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- সম্মেলনে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত সাবেক সাথী-সদস্যদের পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক অভিজ্ঞতা বিনিময় এবং দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সংশ্লিষ্ট সাবেক সাথী-সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








