হট্টগোলে মন্দির পরিদর্শন না করে চলে গেলেন এলজিআরডি মন্ত্রী
আজিমপুর সরকারি আবাসনে পূজামণ্ডপ পরিদর্শন করেন এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান : পিআইডি।

নরসিংদী প্রতিনিধি

Advertisement

নরসিংদীতে পূজামণ্ডপ পরিদর্শন করতে এসে সরকার দলীয় রাজনৈতিক দলের দুই পক্ষের হট্টগোল হাতাহাতির মধ্যে পূজামণ্ডপ পরিদর্শন না করেই ঘটনাস্থল ত্যাগ করেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। গত রোবাবার রাতে নরসিংদী পৌর শহরের সেবা সংঘ দুর্গা মন্দির-সংলগ্ন পূজা কন্ট্রোল রুমের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো: আব্দুর রহমান স্বাক্ষরিত মন্ত্রীর সফরসূচিতে রোববার রাতে নরসিংদী শহরের সেবা সংঘ পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করার কথা ছিল। মন্ত্রী আসার খবরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীসহ হাজারো মানুষ উপস্থিত হন মন্দির এলাকায়। রাত সাড়ে ১০টার দিকে মন্ত্রী সেবা সংঘ দুর্গা মন্দির-সংলগ্ন পূজা কন্ট্রোল রুমের সামনের রাস্তায় এলে গাড়ি থেকে নামার আগেই একটি পক্ষ ড. মঈন খান জিন্দাবাদ এবং অপর পক্ষ খায়রুল কবির খোকন জিন্দাবাদ স্লোগান দিতে থাকে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহীও সেখানে ছিলেন।  দুই পক্ষই তীব্র বাগি¦তণ্ডা ও হাতাহাতিতে লিপ্ত হয়।  এ সময় নরসিংদী পৌর বিএনপির সভাপতি এবং নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ কয়েকজন প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন। পরিস্থিতি অনুকূলে না থাকায় এক পর্যায়ে ড. মঈন খান তার গাড়িতে থেকেই সদলবলে ঘটনাস্থল ত্যাগ করেন। 
এ ব্যাপারে ড. মঈন খান সমর্থক নরসিংদী আন্তঃজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা বলেন, ড. মঈন খান একজন সম্মানিত ব্যক্তি। তাকে আমরা সসম্মানে নরসিংদীতে এনেছিলাম। কিন্তু কতিপয় লোকের অসদাচারণ কার্যকলাপের ফলে তিনি মন্দির পরিদর্শন না করেই চলে যান। আমরা ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি কামনা করছি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদরের এমপি খায়রুল কবির খোকনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অবশ্য এ ঘটনার আগে মন্ত্রী ড. মঈন খান পাঁচদোনা শ্রী শ্রী হরি মন্দির ও পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি নিজস্ব তহবিল থেকে বিভিন্ন মন্দিরে অনুদান দেন এবং হিন্দু ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।
তিনি বলেন, দুর্গার আগমন ও প্রস্থানের তাৎপর্য আমাদের উপলব্ধি করতে হবে। অন্যায়, জুলুম ও অত্যাচার দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার যে শিক্ষা দুর্গাপূজার মধ্যে রয়েছে, তা শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, ব্যক্তি ও সামাজিক জীবনেও অনুসরণ করা প্রয়োজন।