তথ্যমন্ত্রীর সাথে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সাথে তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিণ ইসলাম খান এবং দুইজন কমিশনার সাক্ষাৎ করেন : পিআইডি।

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং তথ্য কমিশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
গতকাল রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান তথ্য কমিশনারের সঙ্গে তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য সাংবাদিক এস. এ. এম. মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তথ্য অধিকার নিশ্চিত করা, তথ্য কমিশনের কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের কাছে তথ্যপ্রাপ্তির সুযোগ সহজ করার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, তথ্য কমিশন কোনো সরকার বা বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়, বরং জনগণের জন্য কাজ করবে।
তথ্য পাওয়ার অধিকার বাস্তবায়নে কমিশনের দরজা দেশের সব মানুষের জন্য উন্মুক্ত থাকবে। 
তিনি আরও বলেন, দীর্ঘদিন তথ্য কমিশন কার্যকর না থাকায় সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে ধারণার ঘাটতি তৈরি হয়েছে।
তাই মানুষের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়া এবং তথ্য কমিশনে জনগণের প্রবেশাধিকার সহজ করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
প্রধান তথ্য কমিশনার বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে নারী-পুরুষের পরিচয়ের চেয়ে দায়িত্বই বেশি গুরুত্বপূর্ণ। সমাজের সব জেন্ডারের মানুষ যেন সমানভাবে অগ্রাধিকার পান, তা নিশ্চিত করা প্রয়োজন। 
এ সময় নবনিযুক্ত তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান বলেন, তথ্যের অধিকার শুধু গণমাধ্যমের নয়, এটি জনগণেরও অধিকার। স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে তথ্য কমিশন। জনগণের তথ্যপ্রাপ্তির প্রত্যাশা পূরণে কমিশনের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি। 
সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন। এর আগে শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধান তথ্য কমিশনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান সাংবাদিক এস. এ. এম. মাহফুজুর রহমান ও সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেন। ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন।