
আশরাফুল ইসলাম ব্যাংকক থেকে
আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৬ সালের বার্ষিক সভায় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রাপ্তি কেবল নতুন ঋণ বা আর্থিকসহায়তার সম্ভাবনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং অর্থনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য মোকাবেলা এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনার সুযোগ তৈরি হওয়াও এ সম্মেলনের অন্যতম তাৎপর্য। থাইল্যান্ডের ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত এ সভায় বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, উচ্চ সুদহার, ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ, মূল্যস্ফীতি এবং তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তা বিশেষ গুরুত্ব পেয়েছে। এসব চ্যালেঞ্জ বাংলাদেশের অর্থনীতির জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক।
দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতাকে চাপে রেখেছে। একই সাথে রাজস্ব আদায়ে সীমাবদ্ধতা, বৈদেশিক মুদ্রার জোগান, ব্যাংক খাতের দুর্বলতা এবং বেসরকারি বিনিয়োগের গতি বাড়ানোর প্রয়োজনীয়তা অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এর সাথে যুক্ত হয়েছে ঋণ পরিশোধের দায় সামাল দিয়ে উন্নয়ন ব্যয় অব্যাহত রাখা এবং বিপুলসংখ্যক তরুণের জন্য মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করার কঠিন সমীকরণ।
ব্যাংককের সম্মেলন এসব সমস্যা নিয়ে উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার সাথে আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয় এবং ভবিষ্যৎ অর্থায়নের সম্ভাবনা যাচাইয়ের একটি ক্ষেত্র তৈরি করেছে। তবে আলোচনায় ইতিবাচক মনোভাব কিংবা সহযোগিতার আশ্বাসকে বাস্তব অর্জন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এসব উদ্যোগকে কার্যকর অর্থনৈতিক সুফলে রূপান্তর করাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।
উন্নয়ন পরিকল্পনা ও অর্থায়ন নিয়ে সহযোগীদের সাথে আলোচনা
ব্যাংককের সম্মেলনে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা, সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন কাঠামো নিয়ে উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা বিশেষ গুরুত্ব পেয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে সরকারের অগ্রাধিকার, অর্থায়নের প্রয়োজন এবং আন্তর্জাতিক অংশীদারদের সম্ভাব্য ভূমিকা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন বৈঠকে সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে।
এ ধরনের আলোচনা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার সাথে আন্তর্জাতিক সহযোগীদের অর্থায়ন ও কারিগরি সহায়তার সমন্বয় ঘটাতে সহায়ক হতে পারে। তবে সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ এবং নির্দিষ্ট প্রকল্পে অর্থায়নের অনুমোদন এক বিষয় নয়। নতুন ঋণ, অনুদান কিংবা প্রকল্পের অর্থায়ন চূড়ান্ত হয়েছে কি না- তা সংশ্লিষ্ট চুক্তি ও আনুষ্ঠানিক ঘোষণা থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন।
বাংলাদেশের জন্য এখন জরুরি হলো উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবসম্মত অর্থনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসা। কোন খাতে কত বিনিয়োগ প্রয়োজন, কোন প্রকল্প থেকে কত কর্মসংস্থান তৈরি হবে, উৎপাদন ও রফতানি কতটা বাড়বে এবং বিনিয়োগের বিপরীতে কী পরিমাণ অর্থনৈতিক সুফল পাওয়া যাবে- এসব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে।
উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন পাওয়া গুরুত্বপূর্ণ হলেও সেই অর্থের কার্যকর ব্যবহার আরো বেশি গুরুত্বপূর্ণ। প্রকল্পের ব্যয় বৃদ্ধি, বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এবং দুর্বল তদারকির কারণে অনেক সময় প্রত্যাশিত সুফল পাওয়া যায় না। তাই নতুন অর্থায়নের পাশাপাশি প্রকল্প নির্বাচন, ক্রয়প্রক্রিয়া, বাস্তবায়ন ও মূল্যায়নে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
ঋণ পরিশোধের চাপ বাড়ছে, সঙ্কুচিত হচ্ছে উন্নয়ন ব্যয়ের সুযোগ
ব্যাংককের সম্মেলনে আলোচিত বিষয়গুলোর মধ্যে উন্নয়নশীল ও স্বল্পআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। উচ্চ সুদহার, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সীমিত রাজস্ব আয়ের কারণে অনেক দেশকে ঋণ পরিশোধ ও উন্নয়ন ব্যয়ের মধ্যে কঠিন ভারসাম্য বজায় রাখতে হচ্ছে।
সম্মেলনসংশ্লিষ্ট আলোচনায় উঠে এসেছে, নিম্নআয়ের দেশগুলোর রাজস্ব আয়ের যে অংশ ঋণ পরিশোধে ব্যয় হয়, তা গত কয়েক বছরে প্রায় ৮ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশে পৌঁছেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করার সুযোগ আরো সঙ্কুচিত হতে পারে।
বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বিদেশী ঋণের অর্থ দিয়ে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও ভবিষ্যতে সেই ঋণের মূল অর্থ ও সুদ পরিশোধ করতে হবে। একই সময়ে রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী না বাড়লে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে পর্যাপ্ত আয় তৈরি না হলে সরকারের বাজেট ব্যবস্থাপনায় চাপ বাড়বে। এর ফলে উন্নয়ন ব্যয় ও সামাজিক খাতে বরাদ্দের মধ্যে ভারসাম্য রক্ষা করা আরো কঠিন হয়ে উঠতে পারে।
এ ক্ষেত্রে ঋণের পরিমাণের পাশাপাশি তার ব্যবহার ও পরিশোধ সক্ষমতা মূল্যায়ন জরুরি। যে প্রকল্প রফতানি বাড়ায়, আমদানি ব্যয় কমায়, উৎপাদনশীলতা বৃদ্ধি করে কিংবা নতুন কর্মসংস্থান সৃষ্টি করে, তা দীর্ঘ মেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিপরীতে, অর্থনৈতিক সুফল সীমিত এমন প্রকল্পে ঋণনির্ভর বিনিয়োগ ভবিষ্যৎ প্রজন্মের ওপর আর্থিক বোঝা বাড়াতে পারে।
বাংলাদেশের সামনে এ ক্ষেত্রে তিনটি অগ্রাধিকার গুরুত্বপূর্ণ। প্রথমত, করের আওতা সম্প্রসারণ ও রাজস্ব প্রশাসনের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আয় বাড়ানো। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় ও কম ফলপ্রসূ ব্যয় কমিয়ে উৎপাদনশীল খাতে বরাদ্দ বাড়ানো। তৃতীয়ত, নতুন ঋণ নেয়ার আগে সংশ্লিষ্ট প্রকল্পের অর্থনৈতিক সুফল, বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা এবং ঋণ পরিশোধের সক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন করা।
উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এসব ক্ষেত্রে কারিগরি সহায়তা ও নীতিগত সমর্থন পাওয়ার সুযোগ রয়েছে। তবে রাজস্ব প্রশাসনের সংস্কার, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং ঋণ ব্যবস্থাপনার উন্নতি শেষ পর্যন্ত বাংলাদেশের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত ও বাস্তবায়নের ওপর নির্ভর করবে।
মূল্যস্ফীতি ও দারিদ্র্য মোকাবেলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ
বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এখনো বড় চ্যালেঞ্জ। খাদ্য, বাসস্থান, পরিবহন, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বাড়লে নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়ে। আয় একই হারে না বাড়ায় অনেক পরিবারকে খাদ্য ও পুষ্টি, চিকিৎসা এবং শিক্ষার ব্যয়ে কাটছাঁট করতে হয়। এর প্রভাব শুধু বর্তমান জীবনযাত্রায় সীমাবদ্ধ থাকে না; দীর্ঘ মেয়াদে মানবসম্পদ উন্নয়নও বাধাগ্রস্ত হয়।
ব্যাংককের আলোচনায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর তৈরি হওয়া চাপ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের জন্য এর তাৎপর্য হলো, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সুদের হার বাড়ানো বা কমানোর নীতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। খাদ্য সরবরাহব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা, আমদানি ব্যয়, পরিবহন খরচ, মজুদদারি প্রতিরোধ এবং প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করার দিকেও নজর দিতে হবে। একই সাথে মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।
এ ক্ষেত্রে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভূমিকাও গুরুত্বপূর্ণ। সরকারের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে থাকা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ দরিদ্র পরিবার এবং কৃষকদের সহায়তার কার্যকর মাধ্যম হতে পারে। তবে এসব কর্মসূচির সাফল্য নির্ভর করবে উপকারভোগী নির্বাচন, সহায়তার পরিমাণ, অর্থ বিতরণের স্বচ্ছতা এবং নিয়মিত মূল্যায়নের ওপর।
সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয়; সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের কারণে উপকারভোগীর তালিকায় অনিয়ম হচ্ছে কি না- একই পরিবার একাধিক কর্মসূচির সুবিধা পাওয়ায় অন্য যোগ্য পরিবার বঞ্চিত হচ্ছে কি না- এসব বিষয়ও গুরুত্বের সাথে দেখতে হবে।
উন্নয়ন সহযোগীদের কারিগরি সহায়তায় সামাজিক সুরক্ষার তথ্যভাণ্ডার, উপকারভোগী শনাক্তকরণ এবং কর্মসূচির ফলাফল মূল্যায়নের ব্যবস্থা উন্নত করা সম্ভব। এতে সীমিত বাজেটের মধ্যেও সহায়তার কার্যকারিতা বাড়ানো এবং প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীর কাছে সরকারি সুবিধা পৌঁছে দেয়া সহজ হতে পারে।
৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি : বাংলাদেশের জন্য সতর্কবার্তা
ব্যাংককের সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বক্তব্যে বৈশ্বিক কর্মসংস্থান সঙ্কটের ব্যাপকতা উঠে এসেছে। আগামী ১০ থেকে ১৫ বছরে বিশ্বজুড়ে প্রায় ১২০ কোটি তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীতে যুক্ত হতে পারেন। অথচ একই সময়ে আনুমানিক ৪০ কোটি কর্মসংস্থান তৈরি হতে পারে। অর্থাৎ সম্ভাব্য কর্মপ্রত্যাশী ও নতুন কর্মসংস্থানের মধ্যে ব্যবধান দাঁড়াতে পারে প্রায় ৮০ কোটি।
বৈশ্বিক কর্মসংস্থানের এই সম্ভাব্য ঘাটতি বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। দেশের বিপুল তরুণ জনগোষ্ঠী অর্থনৈতিক উন্নয়নের বড় সম্পদ হতে পারে। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত উৎপাদনশীল কর্মসংস্থান তৈরি করা না গেলে এই জনমিতিক সুবিধাই বেকারত্ব, অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও সামাজিক অনিশ্চয়তার চাপে পরিণত হতে পারে।
বাংলাদেশে শিক্ষিত তরুণদের একটি অংশ যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না। অন্য দিকে শিল্প ও সেবা খাতের অনেক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় দক্ষতার সাথে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা কর্মপ্রত্যাশীদের দক্ষতার ব্যবধান রয়েছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং উৎপাদনব্যবস্থার স্বয়ংক্রিয়তা এ চ্যালেঞ্জ আরো বাড়াতে পারে।
এ জন্য বিনিয়োগকারীদের নীতিগত অনিশ্চয়তা কমানো, ব্যাংকঋণপ্রাপ্তি সহজ করা, চুক্তি বাস্তবায়ন ও বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করা এবং ব্যবসা শুরু ও পরিচালনার প্রশাসনিক জটিলতা কমানো প্রয়োজন। একই সাথে নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে নিরাপদ কর্মপরিবেশ, যাতায়াত, শিশুযতœ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে হবে।
বেসরকারি বিনিয়োগ ছাড়া উন্নয়নের গতি বাড়ানো কঠিন
উন্নয়নশীল দেশগুলোর জন্য সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা ব্যাংককের সম্মেলনের আলোচনায় গুরুত্ব পেয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শুধু সরকারি বাজেট কিংবা উন্নয়ন সহযোগীদের ঋণের ওপর নির্ভর করে অবকাঠামো, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের সব চাহিদা পূরণ করা কঠিন।
বাংলাদেশের ক্ষেত্রেও সরকারি বিনিয়োগের পাশাপাশি দেশী-বিদেশী বেসরকারি বিনিয়োগ বাড়ানো জরুরি। কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার আগে নীতির ধারাবাহিকতা, জ্বালানি ও বিদ্যুতের নির্ভরযোগ্যতা, ঋণের সুদহার, করব্যবস্থা, বৈদেশিক মুদ্রা লেনদেনের সুযোগ এবং আইনগত নিশ্চয়তার মতো বিষয় বিবেচনা করেন।
এসব ক্ষেত্রে দুর্বলতা থাকলে নতুন বিনিয়োগ পিছিয়ে যেতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অর্থায়নের অভাবে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন না। অন্য দিকে প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল অবকাঠামোর কারণে শিল্পের উৎপাদন খরচ বেড়ে যায়, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দেয়।
উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনার একটি সম্ভাব্য সুফল হতে পারে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নীতিগত সহায়তা, অবকাঠামো অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের সুযোগ সম্প্রসারণ। তবে এ ধরনের সহযোগিতা কার্যকর করতে প্রকল্পের ঝুঁকি বণ্টন, সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়বদ্ধতা এবং সরকারের সম্ভাব্য আর্থিক দায় স্পষ্ট করা প্রয়োজন।
বিদেশী বিনিয়োগ আকর্ষণে শুধু কর অবকাশ বা জমি দেয়ার ঘোষণা যথেষ্ট নয়। বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য চুক্তির স্বচ্ছতা, বিরোধ নিষ্পত্তির নিশ্চয়তা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সরকারি সেবার মানোন্নয়ন জরুরি। পাশাপাশি নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতে পারলে দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো সম্ভব।
ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারেও অগ্রাধিকার প্রয়োজন
অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য ব্যাংক ও আর্থিক খাতের সক্ষমতা বাড়ানো বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। ব্যাংক খাতে খেলাপি ঋণ, দুর্বল সুশাসন, ঋণ অনুমোদনে অনিয়ম এবং মূলধনের ঘাটতি থাকলে বেসরকারি খাতে অর্থায়ন বাধাগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে নতুন শিল্প স্থাপন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর।
বাংলাদেশের প্রয়োজন এমন একটি আর্থিক ব্যবস্থা, যেখানে উৎপাদনশীল উদ্যোক্তারা স্বচ্ছ নিয়মে ঋণ পাবেন, আমানতকারীদের অর্থের নিরাপত্তা বাড়বে এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। একই সাথে ব্যাংকের আর্থিক অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রকাশ, নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতা এবং তদারকি সক্ষমতা জোরদার করা প্রয়োজন।
উন্নয়ন অর্থায়নে নতুন সুযোগ, তবে শর্ত ও দায় বুঝতে হবে
আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো বহুপক্ষীয় প্রতিষ্ঠান উন্নয়নশীল দেশগুলোকে ঋণ, অনুদান, নীতিগত পরামর্শ এবং কারিগরি সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশের জন্যও এসব প্রতিষ্ঠানের সাথে কার্যকর সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তবে অর্থায়নের সুযোগকে কেবল কত অর্থ পাওয়া গেল, সেই হিসাব দিয়ে বিচার করা উচিত নয়। অর্থের ব্যবহার, শর্ত, পরিশোধের সক্ষমতা এবং দীর্ঘ মেয়াদে অর্থনীতিতে এর প্রভাবও সমান গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
ঋণের সুদহার, পরিশোধের সময়সীমা, মুদ্রার ধরন, অর্থ ছাড়ের শর্ত এবং প্রকল্প বাস্তবায়নের বাধ্যবাধকতা বিশ্লেষণ করা প্রয়োজন। বিশেষ করে বৈদেশিক মুদ্রায় নেয়া ঋণের ক্ষেত্রে টাকার বিনিময়মূল্য কমে গেলে দেশীয় মুদ্রায় ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যেতে পারে। ফলে ঋণ গ্রহণের সিদ্ধান্তে সম্ভাব্য বৈদেশিক মুদ্রার ঝুঁকিও বিবেচনায় রাখা জরুরি।
একইভাবে, নীতিগত সংস্কারের ক্ষেত্রে কোন পদক্ষেপ অর্থনীতির জন্য প্রয়োজনীয় এবং কোনটির তাৎক্ষণিক সামাজিক ব্যয় রয়েছে, তা বিশ্লেষণ করতে হবে। রাজস্ব বাড়ানো, ভর্তুকি সংস্কার কিংবা সরকারি ব্যয় পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়ার সময় নিম্ন আয়ের মানুষের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় রাখা প্রয়োজন। অর্থনৈতিক সংস্কার যেন সামাজিক সুরক্ষাকে দুর্বল না করে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত এমন অর্থায়ন গ্রহণ করা, যা উৎপাদনশীল সক্ষমতা বাড়ায়, বৈদেশিক মুদ্রা আয়ের ভিত্তি শক্তিশালী করে এবং দীর্ঘ মেয়াদে ঋণ পরিশোধের সামর্থ্য তৈরি করে। অর্থাৎ ঋণ যেন শুধু বর্তমান ব্যয় মেটানোর উপায় না হয়ে ভবিষ্যৎ আয় ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যম হয়ে ওঠে।
সম্মেলনের প্রকৃত প্রাপ্তি নির্ধারিত হবে বাস্তবায়নে
ব্যাংককের সম্মেলন বাংলাদেশের সামনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা এবং অর্থনৈতিক সংস্কারে অভিজ্ঞতা ও সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করেছে। তবে এসব সুযোগকে নতুন অর্থায়নের নিশ্চিত প্রাপ্তি হিসেবে বিবেচনা করার অবকাশ নেই, যতক্ষণ না নির্দিষ্ট প্রকল্প, অর্থের পরিমাণ, চুক্তি কিংবা আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশ করা হচ্ছে।
বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্মেলনে আলোচিত বিষয়গুলোকে দেশে ফিরে সুস্পষ্ট নীতিগত কর্মপরিকল্পনায় রূপ দেয়া। উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনার ফলাফল পর্যালোচনা, প্রকল্পভিত্তিক অর্থায়নের সম্ভাবনা যাচাই, সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়নের সময়সীমা ঠিক করা প্রয়োজন। একই সাথে প্রতিটি উদ্যোগের অগ্রগতি পরিমাপের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে।
অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তথ্যের স্বচ্ছতা বাড়ানোও জরুরি। কোন খাতে কত ঋণ নেয়া হচ্ছে, সেই অর্থ কোথায় ব্যয় হবে, কী পরিমাণ কর্মসংস্থান তৈরি হবে এবং প্রকল্পের বাস্তব ফলাফল কী- এসব তথ্য নিয়মিত প্রকাশ করা হলে সরকারি জবাবদিহি বাড়বে। এতে উন্নয়ন ব্যয়ের কার্যকারিতা মূল্যায়ন এবং ভবিষ্যৎ বিনিয়োগের অগ্রাধিকার নির্ধারণও সহজ হবে।
সব মিলিয়ে বাংলাদেশের সামনে দু’টি পথ স্পষ্ট। এক দিকে রয়েছে ঋণনির্ভর উন্নয়ন, সীমিত রাজস্ব, দুর্বল বিনিয়োগ এবং কর্মসংস্থানের ঘাটতির ঝুঁকি। অন্য দিকে রয়েছে রাজস্ব সংস্কার, উৎপাদনশীল বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ, শক্তিশালী আর্থিক খাত এবং লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনীতিকে আরো সক্ষম করে তোলার সুযোগ।
ব্যাংককের সম্মেলন দ্বিতীয় পথটি অনুসরণের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও নীতিগত আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। এখন মূল প্রশ্ন, বাংলাদেশ কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে সেই সুযোগ কাজে লাগাতে পারবে। সম্মেলনের প্রকৃত প্রাপ্তি নির্ধারিত হবে নতুন প্রতিশ্রুতির সংখ্যায় নয়; বরং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, মূল্যস্ফীতির চাপ কমানো, টেকসই কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীল বিনিয়োগ বৃদ্ধি এবং ঋণ পরিশোধের সক্ষমতা জোরদার করার বাস্তব অগ্রগতিতে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








