পাকুন্দিয়ায় অটোবাইকে প্রাণ গেল ৬ বছরের শিশুর

নয়া দিগন্ত ডেস্ক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া নিজ বাড়ির পাশে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া সিলেটের জকিগঞ্জে বিয়ের মাত্র ৩৮ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। অপর দিকে রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জিপ) উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদাদাতা জানান, পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় নিজ বাড়ির পাশেই ইভা নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার শ্রীরামদী এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভা উপজেলার সুখিয়া ইউনিয়নের কোশাকান্দা গ্রামের মো: সোহেল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু ইভা বাড়ির কাছ মহাসড়কের পাশে খেলাধুলা করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী দ্রুতগতির একটি অটোবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ের ৩৮ দিন পর যুবক নিহত
জকিগঞ্জ (সিলেট) সংবাদাতা জানান, জকিগঞ্জে বিয়ের মাত্র ৩৮ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিভে গেছে যুবক ফরহাদ আহমদের (২৫) জীবন। তার এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল সকাল ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্টেশনের পশ্চিম পাশে সিলেট-জকিগঞ্জ সড়কের ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার বারগাত্তা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো: আব্দুস সুবহানের ছেলে। গত ১০ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলার কালিগঞ্জ এলাকার মানিকপুর গ্রামে বিয়ে করেন তিনি।
স্থানীয়রা জানান, গতকাল সকালে ছোট ভাই হালিম আহমদকে কানাইঘাট যাওয়ার জন্য সড়কের বাজারে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফরহাদ। পথে আটগ্রাম বাসস্টেশনের পশ্চিম পাশের ব্রিজে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ খবর শুনে কান্নায় ভেঙে পড়েন ভাই হালিম আহমদ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ভাই আমাকে সড়কের বাজারে নামিয়ে দিয়ে যাওয়ার সময় আমি তাকে ধীরে ধীরে যেতে বলেছিলাম। এরপর আমি কানাইঘাটের দীঘিরপারে চলে যাই। পথে তাকে আর ফোন দেয়া হয়নি। এখন শুনতে পাচ্ছি, ভাই আমার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
রাঙ্গামাটিতে ৭ পর্যটক আহত 
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জিপ) উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে ১৩ যাত্রী ছিলেন। পরে সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠানো হয়। তারা সবাই মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ দিকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর সাজেকে পর্যটকদের ব্যাপক সমাগম লক্ষ করা গেছে। নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় অবকাশ যাপনে সেখানে শত শত পর্যটকের উপস্থিতি এখন মুখরিত পুরো পাহাড়ি উপত্যকা।

Advertisement