সৌদিগামী রিয়াদ ও দাম্মাম রুটের ১১৮ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে হামলার ঘটনার পর থেকে রিয়াদের কিং আবদুল আজিজ এবং দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ আছে। এই অবস্থায় গত আট দিনে ঢাকা থেকে এ রুটে কোনো ফ্লাইট ছেড়ে যেতে পারেনি। 
জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলাসহ মোট ১১৮টি ফ্লাইট রিয়াদ ও দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। এর ফলে এসব ফ্লাইটের ১৮ হাজার ৩৬২ জন যাত্রী ঢাকা ছেড়ে যেতে পারেননি। যদিও দেশী বিদেশী এয়ারলাইন্স কর্তৃপক্ষ সরকারের দিক নির্দেশনায় যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে শুধু তাদের টিকিটের রুট পরিবর্তন করে জেদ্দা ও মদিনায় পাঠানোর ব্যবস্থা করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমানের ১৯টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে। অপর দিকে ট্রানজিট ফ্লাইট ৬৬টি বাতিল হয়েছে। দিন যত যাচ্ছে ততই ঢাকায় আটকে পড়া প্রবাসী শ্রমিকদের ভিসার মেয়াদ চলে যাচ্ছে।

Advertisement