হাম উপসর্গে প্রাণ গেল আরো ৭ জনের

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২ জনে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০৪ জনের। অর্থাৎ হাম ও এর উপসর্গ মিলিয়ে এক হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯২ জন। এ ছাড়া চট্টগ্রামে ১০০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫০ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে। বুলেটিনে বলা হয়, একদিনে দেশের  বিভিন্ন জায়গায় এক হাজার ২৫৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৫ জনের শরীরে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭৬ জন, চট্টগ্রামে ২১৬, সিলেটে ১১১, বরিশালে ১০৭, খুলনায় ৭৫, ময়মনসিংহ ৭৩, রাজশাহীতে ৩২ ও রংপুরে ৪২ জন। বুলেটিনের তথ্য অনুযায়ী দেশে হাসপাতালে হাম ও এর উপসর্গে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
এ দিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ১৩ হাজার ২৪৪। যার মধ্যে ২৩ হাজার ১২২ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদফতর। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।
সিলেট ব্যুরো জানায়, সিলেটে ফের বেড়েছে হামে মৃত্যু। টানা ৩ দিন মৃত্যুহীন থাকার পর এক শিশুর মৃত্যুর পর দিন সিলেটে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৯ মাস ২২ দিন বয়সী পারভেজ হবিগঞ্জের নবীগঞ্জ ও দেড় বছর বয়সী সাদিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। এই সময়ে নতুন করে কেউ হাম শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরো ১১১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৭ জন। রোববার এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম। 
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৩, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৬, রাগিব রাবেয়া মেডিক্যালে ৬, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন।