মিরসরাইয়ে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে দলিল বুঝিয়ে দিলো বেজা

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা 
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ পাওয়া পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে জমির দলিল (ল্যান্ড হ্যান্ডওভার সার্টিফিকেট) বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এর মাধ্যমে সেখানে শিল্প স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরুর পথ আরো সুগম হয়েছে। 
গতকাল বেজার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে জমির সনদ তুলে দেয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো- র‌্যানকন লুব্রিকেন্টস হামকো করপোরেশন, অপটিমাপ্লাস্ট, সেভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন বেজার শিল্পাঞ্চল উইংয়ের সদস্য সালেহ আহমদ, সঞ্চালনা করেন সহকারী পরিচালক ইফতেখার মাহমুদ।
স্বাগত বক্তব্য দেন পরিচালক মোহাম্মদ জাকারিয়া মিঠু। পরে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে জমি হস্তান্তর সনদে সই ও তা বিনিময় করা হয়। র‌্যানকন লুব্রিকেন্টসের পক্ষে প্রকল্প সমন্বয়ক ও ব্যবস্থাপক আল আমিন তালুকদার, হামকো করপোরেশনের পক্ষে এমডি এ টি এম মোস্তফা এবং অপটিমাপ্লাস্টের পক্ষে এমডি জি এম একরামুল হক সনদ গ্রহণ করেন। বেজার পক্ষে সনদে সই করেন পরিচালক (সম্পত্তি) মোহাম্মদ জাকারিয়া মিঠু।
অন্য দিকে স্যাভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পক্ষে মহাব্যবস্থাপক নিজামউদ্দিন মাহাদী হাসান এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পক্ষে পরিচালক এম ডি রাকিবুল মতিন সনদ গ্রহণ করেন। বেজার পক্ষে এ দু’টি প্রতিষ্ঠানের সনদে সই করেন উপপরিচালক (বিনিয়োগ উন্নয়ন-৫) রাকিবুল ইসলাম।
এর আগে গত ১৬ ও ১৭ অক্টোবর বেজার এস্টেট ও প্ল্যানিং শাখার কর্মকর্তারা মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরেজমিন গিয়ে প্রতিষ্ঠানগুলোকে তাদের বরাদ্দ করা জমি বুঝিয়ে দেন।
অনুষ্ঠানে বেজার উপপরিচালক (জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল) মনিরা ইয়াছমিন, উপপরিচালক (সম্পত্তি) কাজী মো: মহসীন উজ্জ্বল, উপপরিচালক (পরিকল্পনা-২) রেজা-ই-রাব্বী, সহকারী পরিচালক (সম্পত্তি -১) মুহতাসিম সাদ, জুনিয়র আরবান প্ল্যানার শাহাদাত হোসেন, ইনভেস্টিগেশন অ্যান্ড সার্ভে কনসালট্যান্ট জামাল হোসেনসহ বেজা সদর দফতর ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement