আলবার্টার ভাগ্যনির্ধারণী গণভোট ঘিরে উত্তপ্ত কানাডার রাজনীতি

রয়টার্স
কানাডার আলবার্টা প্রদেশে ভূখণ্ডটির ভবিষ্যৎ ও বিচ্ছিন্নতার ইস্যু কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তাপ সৃষ্টি হয়েছে। একপাশে জোরকদমে চলছে আগাম ভোটাভুটি, আর অন্যদিকে দেশকে অখণ্ড রাখার জোরালো আকুতি নিয়ে ক্যালগেরিতে ব্যাপক প্রচার চালিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কানাডার সুদৃঢ় ঐক্য ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা কতটা জরুরি, সে বিষয়ে তিনি সতর্কবার্তা দিয়েছেন।
আলবার্টা নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকেই প্রদেশটিতে আগাম ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১৯ অক্টোবর চূড়ান্ত ভোটগ্রহণের মাধ্যমে শেষ হবে। ভোটারদের জন্য নির্ধারিত ব্যালটে মোট ১০টি প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে প্রথম প্রশ্নটি-আলবার্টা কি কানাডার অঙ্গরাজ্য হিসেবেই বহাল থাকবে, নাকি ভবিষ্যতে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়ার লক্ষ্যে আইনি গণভোট আয়োজনের প্রক্রিয়া শুরু করবে। তবে এ ভোটের মাধ্যমে এখনই চূড়ান্ত স্বাধীনতার ফয়সালা হচ্ছে না। অর্থাৎ, বিচ্ছিন্নতার পক্ষে অধিকাংশ ভোট পড়লেও আলবার্টা তাৎক্ষণিকভাবে কানাডা থেকে পৃথক হবে না; বরং পরবর্তী জটিল আইনি ও সাংবিধানিক ধাপগুলো অনুসরণ করতে হবে। বিচ্ছিন্নতার পাশাপাশি অভিবাসন নীতি, স্বাস্থ্যসেবা খাত, প্রাদেশিক এখতিয়ার ও জাতীয় সংবিধান সম্পর্কিত আরো ৯টি বিষয়ে ভোটারদের মতামত নেওয়া হচ্ছে।
ভোটের প্রচার অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্যালগেরিতে অনুষ্ঠিত ‘ফরএভার কানাডিয়ান’ শীর্ষক এক বিশাল জনসমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি আলবার্টাবাসীকে দেশের অখণ্ডতার পক্ষে রায় দেয়ার আহ্বান জানান। একই সাথে বাকি ৯টি প্রস্তাবের তীব্র বিরোধিতা করে তিনি উল্লেখ করেন, দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে ব্যক্তিস্বার্থের চেয়ে জাতীয় ঐক্য ও সম্মিলিত অর্জনকে অগ্রাধিকার দেয়া উচিত। কার্নি আরো সতর্ক করে বলেন, আন্তর্জাতিক ভূরাজনীতি দিন দিন জটিল রূপ নিচ্ছে এবং প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য বিরোধের মধ্যে দেশের ভেতরে কোনো ধরনের অভ্যন্তরীণ ফাটল নতুন সঙ্কট ডেকে আনবে।

Advertisement