কুড়িগ্রামে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

কুড়িগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ঘে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন, খুলনার ডুমুরিয়ায় এক নারী এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ঘে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন।
জানা গেছে, গতকাল বিকেলে ময়মনসিংহ থেকে রৌমারীগামী একটি ইজিবাইক কর্তিমারীর শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা তিন যাত্রী নিহত হন। অপর যাত্রীদের গুরুতর অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো দুইজন মারা যান।
নিহতরা হলেন- রৌমারীর চতলাকান্দা গ্রামের শহিদুল রিশাদ সন্তান রিশাদ (১২), তুবা (৭) ও স্ত্রী লিপি খাতুন (৩৩)। আরেকজন কর্তিমারী বাজার এলাকার শরিফা (৪২)। তবে নিহত অটোচালকের নাম-ঠিকানা জানা যায়নি। 
মির্জাপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল  মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্যাপাড়া উপজেলার পিকআপের হেলপার আবদুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের  ঢাকাগামী লেনে এস আই ট্র্যাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল ও মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকেও সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আবদুল রহিম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
ডুমুরিয়ায় নারী নিহত
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও এক শিশু আহত হয়েছেন। শুক্রবার রাতে যশোর-সাতক্ষীরা মহাসড়কের নরনিয়া বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে চুকনগর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক কেশবপুর যাচ্ছিল। ইজিবাইকটি চুকনগর বাসস্ট্যান্ড থেকে ৫০০ মিটার দূরে নরনিয়া বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে কল্যাণী অধিকারী (৫৯) এবং ঋতুপর্ণা অধিকারী (১০) ইজিবাইক থেকে পড়ে মারাত্মক আঘাত পান। এরমধ্যে কল্যাণী অধিকারী ঘটনাস্থলেই মারা যান। তিনি কেশবপুর উপজেলা সদরের সাহাপাড়া এলাকার আনন্দ অধিকারীর স্ত্রী। ঋতুপর্ণা একই এলাকার গোপাল অধিকারীর মেয়ে। 
আলমডাঙ্গায় স্কুলছাত্র নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে মোহা: রবিউল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের ধাড়ীমাঠ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ভাংবাড়ীয়া গ্রামের সানোয়ার হোসেনের ছোট ছেলে, স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিউলের বাবা সানোয়ার হোসেন ভাংবাড়ীয়া বাজারে চপ-পেঁয়াজুর ব্যবসা করেন। শুক্রবার সন্ধ্যার কিছু আগে তিনি কাজ শেষে ছেলেকে পাখিভ্যান দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ভ্যানটি চালিয়ে ধাড়ীমাঠ এলাকা পার হওয়ার সময় রবিউল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।