
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম (আরওপি)।
শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও সরকারের সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব ও সাবেক সিনিয়র সচিব ড. খ ম কবিরুল ইসলাম এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্র সফররত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কতিপয় ব্যক্তির অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণ অত্যন্ত নিন্দনীয়। হুইলচেয়ারে চলাচলরত একজন অশীতিপর নাগরিকের সাথে এ ধরনের আচরণ চরম ধৃষ্টতাপূর্ণ ও অনাকাক্সিক্ষত।
আরওপির নেতারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তবে একজন প্রবীণ নাগরিকের পথ আটকে তার প্রতি অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোও তারা মিথ্যা, বানোয়াট ও কল্পিত বলে উল্লেখ করেন।
বিবৃতিতে আরো বলা হয়, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে দেশের চরম রাজনৈতিক সঙ্কটের মধ্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করেন আরওপির নেতারা।
তাদের মতে, ফ্যাসিবাদের পতন-পরবর্তী সময়ে বাংলাদেশের পুনর্গঠন, অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা, রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের ভূমিকার জন্য জাতি তার প্রতি কৃতজ্ঞ।
বিবৃতিতে দেশবাসীকে জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একই সাথে দেশের সম্মানহানির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কূটনৈতিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান আরওপির সভাপতি ও মহাসচিব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








