গ্যাস, আগুন
উদগীরণ হওয়া গ্যাসে জ্বলতে থাকা আগুন। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ১৮ দিন ধরে জ্বলতে থাকা নলকূপের নির্গত গ্যাসের আগুন বন্ধে অবশেষে মাঠে নেমেছে বাপেক্স। ইতোমধ্যে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে। আনুষাঙ্গিক কাজ শেষে আজ শনিবার বিকেল থেকে শুরু করেছে আগুন বন্ধের কাজ। 

Advertisement

আজ সকালে পেট্রোবাংলা, বুয়েট ও শেভরন বাংলাদেশের একটি বিশেষজ্ঞ টিম গ্যাসকূপ পরিদর্শন করে খতিয়ে দেখে বিভিন্ন বিষয়। 

তারা বলছেন, গ্যাস উত্তোলনের জন্য খনন করা হবে কিনা সেই বিষয়ে এখনই সিদ্ধান্ত দেয়ার সুযোগ নেই। আপাতত নিরাপদে আগুন বন্ধ করাই প্রধান উদ্দেশ্য তাদের। তবে তারা এই কূপে কী পরিমাণ গ্যাস মজুদ থাকতে পারে সে বিষয়ে এখনই মন্তব্য করছে না। 

বাপেক্সের বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসকূপের আগুন বন্ধের সব ধরনের যন্ত্রপাতি আনা হচ্ছে। তবে কবে নাগাদ বন্ধ করা হবে সেটি এখনো বলা যাচ্ছে না। তারা বলছেন, আগুন বন্ধ করার পর গ্যাসের মজুদ নিয়ে বিশেষজ্ঞ টিম অনুসন্ধান করবে। অনুসন্ধানের ফলাফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস উঠে আসে। এই গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন বিগত ১৮ দিন ধরে জ্বলছে। এরইমধ্যে বাপেক্স, পেট্রোবাংলাসহ সরকারের বিভিন্ন দফতরের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় নানা পদক্ষেপ। ঘটনাস্থলের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।