তালেবান সরকার, আশা, ওয়াখান করিডর,  চীন পর্যন্ত, সড়ক,  নতুন, বাণিজ্যপথ, পাকিস্তান,  নির্ভরতা, কিন্তু সীমান্ত, রাজি , বেইজিং,
ওয়াখান করিডর। সংগৃহীত

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার উঁচু ওয়াখজির গিরিপথে এসে শেষ হয়েছে আফগানিস্তান। শুরু হয়েছে চীন। বছরের অন্তত পাঁচ মাস বরফে ঢাকা থাকে এই গিরিপথ। বাকি সময়েও খুব কম মানুষ এই পথ পাড়ি দেন।

Advertisement

 

এখানে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক সীমান্ত পারাপারের ব্যবস্থা নেই। তা সত্ত্বেও গত ৪ অক্টোবর তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার চীন সীমান্ত পর্যন্ত একটি সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার ঘোষণা দিয়ে উদ্‌যাপন করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সড়কটি সীমান্ত পর্যন্ত পৌঁছেছে, সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করেনি।

আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, বাদাখশান প্রদেশের ওয়াখান করিডর দিয়ে সড়কটি নির্মাণে দুই পর্যায়ে খরচ হয়েছে ৩৬ কোটি ৫০ লাখ আফগানি মুদ্রা, যা ৫৫ লাখ ডলারের সমান।

এটি কোনো পাকা সড়ক নয়। পাথরকুচি বিছানো সাধারণ একটি কাঁচা রাস্তা। সীমান্তের ওপারে চীনের কোনো শুল্ককেন্দ্রও নেই। সড়কটি চালুর বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি। ফলে আপাতত সড়কটির শেষ মাথায় রয়েছে বন্ধ সীমান্ত। বাণিজ্যিক যানবাহন চলাচলের জন্য বেইজিং কবে সীমান্ত খুলবে, তারও কোনো আভাস নেই।

আল জাজিরা জানায়, আফগানিস্তানের জন্য ওয়াখান করিডর কেবল একটি নতুন সড়ক নয়। দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্য ও যোগাযোগের সম্ভাব্য সংযোগপথ হিসেবেও এর গুরুত্ব রয়েছে। তবে চীনের নিরাপত্তা উদ্বেগ, আফগানিস্তানের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, পাকিস্তান ও ইরানের স্বার্থ এবং মধ্য এশিয়ার দেশগুলোর আঞ্চলিক যোগাযোগ পরিকল্পনা—সব মিলিয়ে দুর্গম এই এলাকাটি ক্রমেই এশিয়ার গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক সংযোগস্থলে পরিণত হচ্ছে।

ওয়াখান করিডরের ইতিহাস

ওয়াখান করিডর আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ একটি সরু ভূখণ্ড। উত্তরে তাজিকিস্তান, দক্ষিণে পাকিস্তান। পুরো এলাকাটিই আফগানিস্তানের অংশ। এই করিডর দিয়েই দেশটির সাথে চীনের সরাসরি স্থলসীমান্তের সংযোগ তৈরি হয়েছে।

উনিশ শতকে এই ভূখণ্ডের অস্বাভাবিক আকৃতির পেছনে ছিল মধ্য এশিয়ায় ব্রিটেন ও রাশিয়ার আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। ১৮৯৫ সালে দুই শক্তির মধ্যে এক চুক্তির মাধ্যমে আফগানিস্তানের উত্তর সীমান্ত নির্ধারণ করা হয়। ওই সীমান্তের ওপারে ছিল রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ড, যা এখনকার তাজিকিস্তানের অংশ। ব্রিটিশ ভারত থেকে রুশ নিয়ন্ত্রিত এলাকা আলাদা রাখতে ওয়াখানকে কাবুলের নিয়ন্ত্রণে রাখা হয়।

তবে ওই বিরোধে চীন সরাসরি পক্ষ ছিল না। কাবুল ও বেইজিংয়ের মধ্যে সীমান্ত চূড়ান্ত হয় ১৯৬৩ সালে।

সীমান্তের দুই পাশের এলাকাই দুর্গম ও জনবিরল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটি ক্রমেই এশিয়ার স্পর্শকাতর ভূরাজনৈতিক কেন্দ্রগুলোর একটিতে পরিণত হয়েছে। এখানে চীনের নিরাপত্তা উদ্বেগ, আফগানিস্তানের অর্থনৈতিক পরিকল্পনা, পাকিস্তান ও ইরানের স্বার্থ এবং মধ্য এশিয়ার দেশগুলোর আঞ্চলিক যোগাযোগের উদ্যোগ এক জায়গায় এসে মিলেছে।

এশিয়াজুড়ে বাণিজ্য ও পণ্য পরিবহনের পথ নিয়ে প্রতিযোগিতা বাড়ছে। এমন পরিস্থিতিতে ছোট্ট এই করিডর তার ভৌগোলিক সীমার চেয়ে অনেক বড় ভূমিকা নিতে পারে। দক্ষিণ, পূর্ব ও মধ্য এশিয়াকে যুক্ত করার পাশাপাশি অঞ্চলটির বাণিজ্য ও প্রভাব বিস্তারের চিত্রও বদলে দিতে পারে এ এলাকা।

অনেক দিনের পরিকল্পনা

ওয়াখান করিডর দিয়ে সড়ক নির্মাণের বিষয়ে প্রথম গুরুত্বের সাথে আলোচনা শুরু হয় ২০০৯ সালের জুনে। তখন আফগানিস্তান ও চীন সরকারের মধ্যে এ নিয়ে কথা হয়েছিল।

তবে প্রাথমিক সমীক্ষার বাইরে তখন প্রকল্পটি আর এগোয়নি। দুর্গম পাহাড়ি ভূখণ্ডকে সড়ক নির্মাণের বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সে সময় চীনের সংবাদমাধ্যমগুলোও জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিল। বিশেষ করে, উইঘুর যোদ্ধারা এই করিডর ব্যবহার করে চীনে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা ছিল।

২০১৯ সাল পর্যন্ত প্রকল্পটি কার্যত স্থগিত ছিল। ওই বছর আফগানিস্তান ওয়াখানে সড়ক নির্মাণ শুরু করে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত জাভিদ কায়েম।

আল জাজিরাকে তিনি বলেন, তখন ৬০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছিল। কিন্তু ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আকস্মিক পরিবর্তনের কারণে পরিকল্পনাটি স্থগিত হয়ে যায়। তিনি তালেবানের ক্ষমতা দখলের কথাই উল্লেখ করেছেন।

আফগানিস্তানের সাবেক ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী শাহ মাহমুদ মিয়াখেল ২০২১ সালে ওই দায়িত্বে ছিলেন। তালেবান ক্ষমতায় আসার কয়েক মাস আগে তিনি পদ ছেড়েছিলেন। আল জাজিরাকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বিদেশি সেনাদের উপস্থিতি এবং তৎকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে সড়ক প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’

মিয়াখেলের ভাষায়, ‘বেইজিং মনে করেছিল, ওই পরিস্থিতি করিডরটির উন্নয়নের সম্ভাবনাকে সীমিত করে রাখবে।’

তবে পরবর্তী বছরগুলোতে তালেবান সরকার প্রকল্পটি আবার হাতে নেয়। বেইজিংয়ের সাথে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এটিকে সরকারের অন্যতম কৌশলগত প্রকল্প হিসেবে গুরুত্ব দেয় তারা।

তালেবানের লক্ষ্য, বিচ্ছিন্ন সীমান্ত এলাকাটিকে চীন ও মধ্য এশিয়ার বাজারের সাথে আফগানিস্তানের সংযোগপথে পরিণত করা। এর মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য নেটওয়ার্কেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় কাবুল।

জাভিদ কায়েম বলেন, ‘ভবিষ্যতের এই বাণিজ্যপথ নির্মাণে চীনের আর্থিক সহায়তা পাওয়ার আশায় তালেবান ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়াখান সড়কের নির্মাণকাজ আবার শুরু করে। কিন্তু নিরাপত্তা হুমকির কারণে আফগানিস্তানের সাথে সীমান্ত খুলতে এখনো রাজি হয়নি চীন।’

২০২৪ সালের জানুয়ারিতে তালেবান ঘোষণা দেয়, সড়কটি চীনা সীমান্ত পর্যন্ত পৌঁছেছে। এরপর ২০২৫ সালের মার্চে দ্বিতীয় পর্যায়ে আরো ৭১ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়। আফগান কর্তৃপক্ষের দাবি, সরকারের নিজস্ব অর্থেই প্রকল্পের খরচ মেটানো হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে এতে চীনের অর্থায়নের কোনো প্রমাণ নেই।

বেইজিংয়ের কাছে বাণিজ্যের আগে নিরাপত্তা

২০২৫ সালের আগস্টে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তান সফর করেন। তালেবান ক্ষমতায় ফেরার পর চীনের সবচেয়ে জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার এটি ছিল দ্বিতীয় কাবুল সফর।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সাথে বৈঠকে ওয়াং ই বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াখান করিডরে দুই দেশের যৌথ টহল দ্রুত আবার শুরু হোক, তা চীন সমর্থন করে। একই সাথে তিনি কাবুলকে উইঘুর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

আফগানিস্তান ওয়াখান করিডরকে মূলত অর্থনৈতিক প্রকল্প হিসেবে দেখলেও চীনের কাছে এটি অত্যন্ত স্পর্শকাতর নিরাপত্তার বিষয়। আফগানিস্তান নিয়ে বেইজিংয়ের প্রধান উদ্বেগ তিনটি। প্রথমত, নিজেদের পশ্চিম সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, সশস্ত্র গোষ্ঠীগুলো যাতে জিনজিয়াং বা পূর্ব তুর্কিস্তানে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করা। তৃতীয়ত, প্রাকৃতিক সম্পদ খাতে চীনা বিনিয়োগ এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের নিরাপত্তা রক্ষা করা।

আফগান সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে বেইজিংয়ের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘ওয়াখান করিডর দিয়ে আফগানিস্তানের সাথে সীমান্ত খুলতে চীনের আপত্তি নেই। তবে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়টি কার্যকর নিরাপত্তার নিশ্চয়তার সাথে যুক্ত করছে তারা।’

ওই কর্মকর্তার দাবি, নিরাপত্তা বজায় রাখা এবং সীমান্ত সুরক্ষিত রাখার সক্ষমতা তালেবান ইতিমধ্যে প্রমাণ করেছে।

ওয়াখান নিয়ে চীনের উদ্বেগের কেন্দ্রে রয়েছে জিনজিয়াং। উইঘুর জনগোষ্ঠী এই অঞ্চলকে নিজেদের মাতৃভূমি বলে মনে করে। ২০২২ সালে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের এক প্রতিবেদনে জিনজিয়াংয়ে ‘উইঘুর ও অন্যান্য মুসলিম জনগোষ্ঠীর মানুষকে নির্বিচারে আটক রাখার’ নিন্দা জানানো হয়। তবে চীন ওই প্রতিবেদনের বক্তব্য প্রত্যাখ্যান করে একে দেশটির বিরুদ্ধে পশ্চিমা প্রচারণার অংশ বলে অভিহিত করেছে।

আফগানিস্তানের বিষয়ে এখনো সতর্ক অবস্থানেই রয়েছে বেইজিং। দেশটিতে চীনের বড় বিনিয়োগের উদ্যোগগুলোও থমকে আছে। ২০২৫ সালের জুনে আমু দরিয়া অববাহিকায় তেল অনুসন্ধানের জন্য একটি চীনা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়।  চুক্তিটি বাতিল করে তালেবান সরকার। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। চলতি বছরের মে মাসে আফগানিস্তানের খনিমন্ত্রী চীনা রাষ্ট্রদূতের কাছে মেস আইনাক তামার খনি প্রকল্পের কাজে বিলম্ব নিয়ে অভিযোগ করেন। প্রকল্পটির উৎপাদন এখনো শুরু হয়নি।

চীনের সাথে ১৪টি দেশের স্থলসীমান্ত রয়েছে। এসব প্রতিবেশীর বেশির ভাগের সাথেই দেশটির বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কিন্তু আফগানিস্তান ও ভুটান এখনো চীনের প্রতিবেশী দেশগুলোর মধ্যে একমাত্র দুটি দেশ, যারা সরাসরি স্থলপথে বাণিজ্য পারাপারের সুবিধা পায়নি।

পাকিস্তানের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা

কাবুলের কাছে ওয়াখান করিডর এমন একটি বিকল্প বাণিজ্যপথ, যা ইসলামাবাদের নিয়ন্ত্রণে থাকবে না। আফগানিস্তান স্থলবেষ্টিত দেশ। সমুদ্রবন্দরে পৌঁছানোর জন্য দেশটিকে পাকিস্তান ও ইরানের ওপর নির্ভর করতে হয়। কিন্তু গত এক বছরে প্রায় একই সময়ে দুই দেশের সাথেই আফগানিস্তানের বাণিজ্যপথ কার্যত বন্ধ হয়ে গেছে।

বাদাখশানের সাবেক গভর্নর মোহাম্মদ ইসমাইল গজনভি গত আগস্টে সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে গণপূর্ত মন্ত্রণালয়ের উপমন্ত্রী হন। তিনি বলেন, ওয়াখান সড়ক প্রকল্প সরকারের বাণিজ্যপথের বৈচিত্র্য বাড়ানো এবং পাকিস্তানের সীমান্ত পারাপারের ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনার অংশ। এ বছর আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের কথাও তিনি উল্লেখ করেন।

গজনভি আরো বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধও সরাসরি আফগানিস্তানের বাণিজ্যে প্রভাব ফেলছে। ফলে বিকল্প পথ চালু করা এখন অগ্রাধিকার হয়ে উঠেছে।

আফগান সরকার সড়কটিকে ভবিষ্যতের একটি বাণিজ্য করিডরের সূচনা হিসেবে দেখছে। পরে এখানে রেলপথও নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আফগানিস্তান চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সাথে যুক্ত হতে পারবে। পাশাপাশি পণ্য পরিবহনের ওপর ট্রানজিট ফি বা মাশুল আদায়ের সুযোগ তৈরি হবে।

ওয়াখান সেখানে শেষ হয়েছে

গজনভি বলেন, ‘এই করিডরকে শুধু আফগানিস্তান ও চীনের মধ্যে একটি সীমান্তপথ হিসেবে দেখলে চলবে না। এটি একটি কৌশলগত করিডর, যা দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার মধ্যে সংযোগ তৈরি করতে পারে। আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক একীভবন জোরদার করার পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।’

পাকিস্তান ও ইরানের স্বার্থ

আফগানিস্তান যখন পাকিস্তানের ওপর নির্ভরতা কমানোর বিকল্প হিসেবে ওয়াখান সড়ককে তুলে ধরছে, চীনের কর্মকাণ্ডে অবশ্য তেমন কোনো বিকল্প খোঁজার তাগিদ দেখা যাচ্ছে না।

বেইজিং এখনো চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের কথা বলছে। অন্যদিকে ওয়াখজির গিরিপথও খুলে দেয়নি। বরফে বছরের পর বছর বন্ধ থাকা পাথরকুচি বিছানো একটি সড়ক দিয়ে তো আর তোরখামের মতো বড় সীমান্তপথের বিকল্প তৈরি করা সম্ভব নয়। তোরখাম দিয়ে একসময় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্য হতো।

আফগানিস্তানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিয়াখেল বাদাখশানের সাম্প্রতিক নিরাপত্তা উত্তেজনার সাথেও এই করিডর প্রকল্পের যোগসূত্র দেখেছেন। তাঁর ভাষায়, ‘প্রকল্পটির কাজ শেষ করতে বাধা দেয়ার চেষ্টা চলছে।’

তিনি আরো বলেন, ‘অঞ্চলটির ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলো আফগানিস্তান ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক চায় না বলে আমার ধারণা।’

ইরানেরও স্থলপথে বাণিজ্য বাড়ানোর আগ্রহ রয়েছে। সমুদ্রপথের ওপর নির্ভরতা কমাতে দেশটি বিকল্প পথ খুঁজছে। আফগানিস্তানের মধ্য দিয়ে চীন পর্যন্ত সম্ভাব্য সড়ক ও রেল করিডরকে নিজেদের বৈদেশিক বাণিজ্যে কৌশলগত পরিবর্তনের সুযোগ হিসেবে দেখছে তেহরান।

ইরানে নিযুক্ত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত আবদুল গফুর লিওয়াল আল জাজিরাকে বলেন, ‘আফগান ভূখণ্ড ব্যবহার করে চীনের সাথে স্থলপথে যোগাযোগ জোরদারের একটি কৌশলগত সুযোগ হিসেবে ওয়াখান করিডরকে দেখছে ইরান।’

নিরাপত্তা না অর্থনীতি, কোন পথে ওয়াখান?

আফগান সরকারের দাবি, বাদাখশান শান্তিপূর্ণ এলাকা। কিন্তু বাস্তব পরিস্থিতি তেমন নয়। ২০২৪ সালের মে মাসে প্রদেশটিতে পোস্তখেত ধ্বংসের সরকারি অভিযানের বিরুদ্ধে বিরল বিক্ষোভ হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে বিরোধী গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টও প্রদেশটিতে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। সড়ক উদ্বোধনের কয়েক ঘণ্টা পরই গোষ্ঠীটি ঘোষণা দেয়, তারা প্রাদেশিক রাজধানী ফৈজাবাদে তালেবানের গোয়েন্দা বিভাগের উপপ্রধানকে হত্যা করেছে।

মিয়াখেল বাদাখশানের এই উত্তেজনার সাথেও করিডর প্রকল্পের সম্পর্ক দেখছেন। তাঁর মতে, ‘প্রকল্পটির কাজ শেষ করতে বাধা দেয়ার চেষ্টা চলছে।’ আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলো আফগানিস্তান ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক চায় না বলে তিনি মনে করেন। তবে তিনি স্পষ্ট করেছেন, এটি তাঁর ব্যক্তিগত মূল্যায়ন।

সংশ্লিষ্ট পক্ষগুলো নিরাপত্তার প্রয়োজন ও অর্থনৈতিক স্বার্থের মধ্যে সমন্বয় করতে পারে কি না তার ওপর শেষ পর্যন্ত ওয়াখান করিডরের ভবিষ্যৎ নির্ভর করছে । তা সম্ভব হলে আগামী কয়েক দশকে দুর্গম এই পাহাড়ি পথ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য সংযোগপথে পরিণত হতে পারে। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আঞ্চলিক প্রতিযোগিতা চলতে থাকলে ওয়াখান হয়তো অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাস্তবায়িত না হওয়া এক ভূখণ্ড হিসেবেই থেকে যাবে।