টঙ্গী প্রেস ক্লাব মার্কেটে আগুনে পুড়ল ৮ দোকান

গাজীপুর মহানগর প্রতিনিধি

Advertisement

গাজীপুরের টঙ্গীতে প্রেস ক্লাব সংলগ্ন প্রেস ক্লাব মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ও দু’টি আংশিক পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কেটের ব্যবসায়ী ও প্রেস ক্লাব নেতারা। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন টিনশেড মার্কেটটিতে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানো নিয়ে অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। তবে অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিস বলছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মার্কেটের একটি দোকানের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনে একের পর এক দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
মার্কেটের সাইমন ট্রান্সপোর্ট এজেন্সি অ্যান্ড ক্যারিং সেন্টারের স্বত্বাধিকারী মো: বাদল মিয়া জানান, তার প্রতিষ্ঠানে রাখা প্রায় ৩০ লাখ টাকার মূল্যবান যন্ত্রাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর প্রায় এক ঘণ্টা আগেই ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে আগুন প্রায় নিয়ন্ত্রণে আনেন। দমকল বাহিনী যথাসময়ে পৌঁছালে ক্ষয়ক্ষতি আরো কমানো সম্ভব হতো। অথচ ঘটনাস্থল থেকে টঙ্গী ফায়ার স্টেশনের দূরত্ব মাত্র এক থেকে দেড় কিলোমিটার।
তবে ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোর অভিযোগ অস্বীকার করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম। তিনি বলেন, রাত ১২টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। পরে রাত ১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো জানান, রাত ২টা ৪০ মিনিটে খাঁপাড়ার আমিন মোল্লা বিজনেস কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে গিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে একই রাতে টঙ্গীর খাঁপাড়া এলাকার আমিন মোল্লা বিজনেস কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে দু’টি কাপড়ের দোকান পুড়ে গেছে