গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

আনাদোলু ও আলজাজিরা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি  হামলায় ৩৪০টির বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো শত শত শিশু। জাতিসঙ্ঘের শিশু তহবিল ইউনিসেফের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। জাতিসঙ্ঘের সদর দফতর জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে। একইসাথে অবরোধের কারণে উপত্যকাটির মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় আট লাখ শিশু এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। তাদের বেশির ভাগই তাঁবু কিংবা ঝুঁকিপূর্ণ ভবনে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে। নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় সেবা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগের অভাবে এসব শিশুকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিকার্ডো পিরেস আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন শীতের মাসগুলোতে শিশুদের পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এর ফলে টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের অমানবিক ও বসবাসের অনুপযোগী পরিবেশে দিন কাটাতে হতে পারে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শিশুদের প্রাণহানি, আহত হওয়ার ঘটনা এবং ব্যাপক বাস্তুচ্যুতি গাজায় মানবিক সঙ্কটের ভয়াবহ চিত্র তুলে ধরছে। বিশেষ করে শীত ঘনিয়ে আসায় তাঁবু ও অনিরাপদ ভবনে আশ্রয় নেয়া শিশুদের জীবন আরো ঝুঁকির মুখে পড়তে পারে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের চিকিৎসা দেয়া এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement