সংক্ষিপ্ত সংবাদ

শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার

Advertisement

আড়াইহাজারে একটি ভাড়া ঘর থেকে নাদিম আকন্দ (৩৬) নামের এক শ্রমিকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত বাঁধা এবং গলায় রশি পেঁচানো ছিল। গতকাল শুক্রবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের একটি টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাদিম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি মিলে শ্রমিকের কাজ করতেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, যে ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে হাকিম মোল্লা নামের এক ব্যক্তি ভাড়া থাকতেন। নাদিমের স্ত্রীর সাথে হাকিমের পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

কুলিয়ারচরে আ’লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মোয়াজ্জেম হোসেন ছয়সুুতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, গত ১১ অক্টোবর গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা একত্র হয়ে মিছিল ও স্লোগান দেয়। এ ঘটনায় ১৪ অক্টোবর কুলিয়ারচর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়। ওই মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করা হয়। তদন্তে সন্দেহভাজন হিসেবে মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি মোজাম্মেল হক জানান, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষয়তির ন্যায্য ক্ষতিপূরণ ও অনুদানভিত্তিক অর্থায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বন্যা, খরা ও নদীভাঙনের সবচেয়ে বড় বোঝা বহন করছে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাধারণ মানুষ। অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নতুন ঋণের ফাঁদে ফেলা হচ্ছে। এটি কোনো দয়া নয়, অধিকার। ঐতিহাসিক দূষণকারী দেশগুলোর নিকট থেকে ক্ষতিপূরণ ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষকের ফসলের ন্যায্যমূল্য, স্থানীয় বীজের সুরক্ষা এবং জনগণের মালিকানাধীন সাশ্রয়ী জ্বালানি চালুর দাবি জানানো হয়। পটুয়াখালী প্রতিনিধি।

ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

ফরিদপুরের চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি সিয়াম বেপারি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সিয়াম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চরভদ্রাসন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জানা যায়, বিশেষ অভিযানে সিয়ামকে গ্রেফতার করা হয়। তিনি ২০২৫ সালের আগস্টে দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে অভিযুক্ত। এ ছাড়া তার বিরুদ্ধে কোতোয়ালি ও সদরপুর থানা এবং ঢাকার উত্তরা পশ্চিম থানায় নারী নির্যাতন, মাদক ও মারামারির অভিযোগে আরো তিনটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এসব মামলায় আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য এখনো পাওয়া যায়নি। চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা।

মাছ চুরির অভিযোগে নির্যাতনে মৃত্যু

সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামের এক ঘের ব্যবসায়ীকে গাছের সাথে বেঁধে নির্যাতন ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে জেয়ালা উত্তর খোলা বিলে একটি ঘের থেকে তাকে আটক করা হয়। পরে কয়েকজন ব্যক্তি তাকে শ্মশানঘাট এলাকায় নিয়ে গাছের সাথে বেঁধে রাতভর নির্যাতন করেন। নির্যাতনে তার হাত-পা ভেঙে যায় এবং মাথায় জখম করা হয়। শুক্রবার সকালে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তালা থানার ওসি মহসিন আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। তালা (সাতক্ষীরা) সংবাদদাতা।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে গ্যাস লাইনের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ চারজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার ভোরে স্বামী-স্ত্রী এবং এর আগে বুধবার ও শুক্রবার বাকি দু’জন মারা যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন শরীফ হোসেন, তার স্ত্রী রোজিনা আক্তার, শ্যালক রিয়াজ এবং বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া। চিকিৎসকরা জানান, বিস্ফোরণে তাদের শরীরের ৪০ থেকে ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। গত শনিবার রাতে কাঁচপুর সোনাপুর এলাকার ইসলাম টাওয়ার নামের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন গুরুতর দগ্ধ হন। এক এক করে চিকিৎসাধীন অবস্থায় সবাই মারা যান। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপ প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করছে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

গোমস্তাপুরে বিস্কুট ফ্যাক্টরিতে আগুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা বাজারে অবস্থিত সততা বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে চুলার আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং সমস্ত মালামাল ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কারখানার কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। এই অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির মালিক ভাদু চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই কারখানাটিই ছিল তার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা অন্য কর্মচারীদের পরিবারগুলোও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। আগুনে ক্ষয়তির সুনির্দিষ্ট পরিমাণ ও কারণ এখনো জানা যায়নি। ক্ষতিগ্রস্ত মালিক ও কর্মচারীদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।