চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া
চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া। সংগৃহীত

রাজধানীর চকবাজারে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ মহড়া আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের নির্দেশনায় সকাল ১০টায় চকবাজারে এ প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শুরু হয়।

আজ ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতেই ফায়ার সার্ভিসের সাথে চকবাজারের ব্যবসায়ী, দোকানদার, বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন ও লালবাগ ফায়ার স্টেশন যৌথভাবে অংশগ্রহণ করে।

মহড়া প্রদর্শনের পর উপস্থিত সবাইকে অগ্নিপ্রতিরোধে করণীয়, ফায়ার এক্সটিংগুইসারের ব্যবহার এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়।

এরপর গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণ প্রদর্শন ও অনুশীলন করানো হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা চকবাজারের বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করেন।

এ সময় আগুনসহ যেকোনো দুর্ঘটনায় শিগগিরই ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এর বিষয়ে সকলকে অবহিত করা হয়। বাসস