ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ
ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ। নয়া দিগন্ত

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তিস্তা ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন আন্দোলনকারীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।

Advertisement

পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টার দিকে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচি শুরু করেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজেন্দ্রপুর একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আশপাশে ঘনবসতি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সেনানিবাস থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ স্টেশন ব্যবহার করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এ স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নেই।

ফলে এসব ট্রেনে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের অন্য স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়। দীর্ঘদিন ধরে ট্রেন দু’টির যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না থাকায় আজ শনিবার তারা রেললাইন অবরোধ করেন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবস্থান নিয়ে লাল ব্যানার টাঙিয়ে দেন। এতে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনেও অবস্থান নেন তারা। সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত ট্রেনটি আটকে রাখা হয়। এ সময় রাজেন্দ্রপুর স্টেশনে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, এর আগে স্থানীয় জনগণ শ্রীপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করেছিলেন। এবার রাজেন্দ্রপুরে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে তারা আন্দোলনে নামেন। এ সময় সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত যমুনা এক্সপ্রেস আটকে রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়।

স্থানীয় সংসদ সদস্য ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, রাজেন্দ্রপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন ও ট্রেন আটকে রাখার খবর পেয়ে তিনি মোবাইলফোনে আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন। তাদের জানিয়েছেন, ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি রেল মন্ত্রণালয়ের অধীন এবং এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত প্রয়োজন।

তিনি আরো বলেন, রাজেন্দ্রপুর এলাকায় একটি সেনানিবাস রয়েছে। সেনানিবাসের পক্ষ থেকেও যাতায়াতের সুবিধার্থে সেখানে ট্রেনের যাত্রাবিরতির দাবি জানানো হয়ে আসছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার সুযোগ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, সকাল ৬টা থেকে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন। পরে তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীকে স্টেশন ও ট্রেনের ভেতরে অপেক্ষা করতে হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, রাজেন্দ্রপুরের যাত্রী চাহিদা, এলাকার গুরুত্ব ও সেনানিবাসের যাতায়াত সুবিধা বিবেচনায় নিয়ে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।