হঠাৎ ফ্রেমবন্দী স্বরলিপি, দিলরুবা খান ও হোমায়রা বশির
হঠাৎ ফ্রেমবন্দী স্বরলিপি, দিলরুবা খান ও হোমায়রা বশির।

বিনোদন রিপোর্ট 
‘পাগল মন’খ্যাত বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী এখনো বিভিন্ন অনুষ্ঠানে সময় সুযোগ পেলে গান পরিবেশন করেন। মূলত তিনি বাংলাদেশের একজন লোক সঙ্গীতশিল্পী। অনেক সিনেমাতেও তিনি গান গেয়েছেন। দিলরুবা খান ১৯৮৬ সালে পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি টেলিভিশনের জন্য পরিবেশিত ‘দুই ভুবনেরই বাসিন্দা’ গানটির মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। নব্বইয়ের দশকের শুরুতে ‘দেখা আরিচা ঘাটে’ গানটি তাকে আরো জনপ্রিয় করে তোলে। এরপর ১৯৯১ সালে প্রকাশিত ‘পাগল মন, মন রে’ গানটি তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় গানগুলোর একটি হয়ে ওঠে। দিলরুবা খান লোকসঙ্গীত, আধুনিক বাংলা গান এবং চলচ্চিত্রের প্লেব্যাক গানে সমানভাবে কাজ করেছেন। প্রায় ২৫ বছর চলচ্চিত্রে প্লেব্যাক না করার পর ২০১৯ সালে দিলরুবা খান শিশুতোষ চলচ্চিত্র পায়রার চিঠির জন্য ‘জান রে’ গানটি রেকর্ড করেন। গানটির কথা, সুর ও চলচ্চিত্র পরিচালনা করেন নিশীথ সূর্য এবং সঙ্গীতায়োজন করেন মুশফিক লিটু। দিলরুবা খানের সাথে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী স্বরলিপির রয়েছে পারিবারিক সম্পর্ক। এছাড়াও বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী বশির আহমেদের মেয়ে সঙ্গীতশিল্পী হোমায়রা বশিরের সাথেও দিলরুবা খানের রয়েছে চমৎকার সম্পর্ক। কয়েক দিন আগেই ঢাকার আশপাশেরই একটি এলাকায় দেখা হয় এই তিন সঙ্গীতশিল্পীর। হোমায়রা বশির বলেন, ‘অনেক দিন পর দিলরুবা আন্টির সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগল।’ স্বরলিপি বলেন, ‘প্রিয় মানুষদের সাথে যখনই দেখা হয় তখন আসলে সময়টা দারুণ কাটে, তবে দ্রুত শেষ হয়ে যায়।’

Advertisement